Khabor Ekhon
অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, গুঁড়িয়ে গেল পরমাণু ঘাঁটি
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত। মার্কিন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে দুবাইয়ের মার্কিন কনসুলেটে সরাসরি ড্রোন হামলা চালাল ইরান। পাল্টা হিসেবে ইরানের রাজধানী তেহরান এবং বুশেহর বিমানবন্দরে বিধ্বংসী বিমান হানা চালিয়েছে ইজরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের অত্যন্ত গোপন এক পরমাণু কেন্দ্রও। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি ও বিশ্ব বাণিজ্য।
মঙ্গলবার গভীর রাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটে একের পর এক ইরানি ড্রোন আছড়ে পড়ে। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে দূতাবাস চত্বরে। মার্কিন প্রতিরক্ষা সচিবের ‘কঠোর ব্যবস্থা’র হুঁশিয়ারি সত্ত্বেও এই সরাসরি হামলা আন্তর্জাতিক মহলে বড়সড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যদিও ইরানের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনও প্রাণহানি হয়নি। তবে এই হামলার জেরে বিশ্ব অর্থনীতি ও খনিজ তেলের বাজারে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ইরানের ওপর হামলার তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইজরায়েল। তেহরান বিমানবন্দরে অতর্কিত হামলার আগে পূর্ব তেহরানের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দেয় ইজরায়েলি বায়ুসেনা। অন্যদিকে, ইরানের দক্ষিণের শহর বুশেহরের বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিমান ইজরায়েলি গোলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সেই বিমানে কোনও যাত্রী ছিল কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। মার্কিন সেনা সূত্রে খবর, গত চার দিনে ইরানের প্রায় ১ হাজার ৭০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সবচেয়ে বড় আঘাত এসেছে ইরানের পরমাণু কর্মসূচির ওপর। ইজরায়েলি বায়ুসেনার নিখুঁত নিশানায় ধূলিসাৎ হয়ে গিয়েছে ইরানের গোপন পরমাণু কেন্দ্র ‘মিনজাদেহেই’। দাবি করা হচ্ছে, এই কেন্দ্রে পরমাণু বোমার প্রয়োজনীয় উপকরণ তৈরি করতেন ইরানি বিজ্ঞানীরা। তবে স্বস্তির বিষয় এই যে, সেখানে কোনও নিউক্লিয়ার রি-অ্যাক্টর না থাকায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর ঝুঁকি নেই।
এই পরিস্থিতির মধ্যেই সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমি যদি এই অভিযান না চালাতাম, তবে আগামী কয়েক মাসের মধ্যেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলত ইরান। আমি কিছুতেই ইরানকে পরমাণু শক্তির অধিকারী হতে দেব না।”
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

