Khabor Ekhon
ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনি
দোলের দিন গণধোলাই! ছেলেধরা সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে মালদহ গাজোলের পান্ডুয়ায়। ঘটনাটির সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকার একটি শিশুকে নিয়ে পালানোর ছক কষেছিলেন ওই মহিলা। সেই খবর জানাজানি হতেই ছুটে আসেন গ্রামের বাসিন্দারা। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে ওই মহিলাকে কার্যত মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের সামনেও মহিলাকে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে। সেই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার হাত আক্রান্তকে উদ্ধার করে পুলিশ গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে আক্রান্ত মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
প্রসঙ্গত, দিনকয়েক আগে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল এক ইঞ্জিনিয়ারের। সেই ঘটনার রেশ এখনও কাটেনি, এরই মধ্যে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে গণপিটুনির অভিযোগে উঠেছে প্রশ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

