Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দোলে কড়া নিরাপত্তা: ৩৯৮ পিকেট, গঙ্গাঘাটে ডিএমজি

0 96,597,133

শুভজিৎ বসু  দোলযাত্রা ও হোলি উৎসবকে কেন্দ্র করে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কলকাতা পুলিশ এবার বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দোলের দিন শহরজুড়ে মোট ৩৯৮টি জায়গায় পুলিশি পিকেট বসানো হবে। এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬টি সংবেদনশীল স্থানে বিশেষ পিকেট থাকবে, যেখানে প্রতিটিতে ছয়জন করে পুলিশকর্মী দায়িত্ব পালন করবেন। বাকি ৩১২টি পিকেটে তিনজন করে পুলিশকর্মী মোতায়েন থাকবেন।
পুলিশের এই বিস্তৃত ব্যবস্থা গত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে নেওয়া হয়েছে। প্রতি বছর দোল-হোলিতে মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো, রাস্তায় অশান্তি, মহিলাদের উত্যক্ত করা-সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এবার সেসব রুখতে পুলিশ শুধু পিকেট নয়, একাধিক নির্দেশিকাও জারি করেছে। শহরের বিভিন্ন এলাকায় টহলদারি ভ্যান ও পিসিআর ভ্যান মিলিয়ে মোট ৬২টি যান থাকবে। এছাড়া মোটরবাইকে পুলিশের টহলি দলও রাস্তায় নামবে।
বন্দর এলাকায় সবচেয়ে বেশি ৭২টি পিকেট বসানো হচ্ছে। দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট থাকবে। দোলের দিন গঙ্গার ঘাটগুলিতে ভিড় বাড়ে বলে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। ২৪টি ঘাটে ডিএমজি (বিপর্যয় মোকাবিলা বাহিনী) দল মোতায়েন থাকবে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনেও ডিএমজি টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
মহিলাদের নিরাপত্তা এবং রাস্তায় যাতে কোনও অশান্তি না ছড়ায়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, সব পুলিশকর্মীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ যাতে অটুট থাকে, কিন্তু কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে—সেই লক্ষ্যেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা।
শহরবাসীকে অনুরোধ করা হচ্ছে, উৎসব উপভোগ করুন, কিন্তু নিয়ম মেনে চলুন এবং পুলিশের সহযোগিতা করুন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper