Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফের অগ্নিকাণ্ড! মাংস রান্না করতে গিয়ে আগুনে ঝলসে মা-ছেলের মৃত্যু

0 130,857

ছুটির দিনে সাধ করে মাংস খাওয়ার পরিকল্পনা করেছিল এক সাধারণ পরিবার। কিন্তু রান্নাঘরে গ্যাস সিলিন্ডার জ্বালাতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আগুনের লেলিহান শিখায় ঝলসে প্রাণ হারালেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। মৃতদের নাম পুতুল মণ্ডল (৫৫) এবং তাঁর ছেলে বিপ্লব মণ্ডল (৩৫)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপ্লব পেশায় রংমিস্ত্রি। মাঝেমধ্যে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। গত কয়েকদিন ধরে তিনি বাড়িতেই ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল না হলেও রবিবার মাংস খাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব নিজেই বাজার থেকে মাংস কিনে এনে রান্নার আয়োজন করেন। দুপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার অন করে দেশলাই জ্বালাতেই আচমকা আগুন ধরে যায়। সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

নিমেষেই বিপ্লবের শরীরে আগুন লেগে যায়। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা পুতুল মণ্ডল। কিন্তু তাঁর গায়েও আগুন ধরে যায়। দু’জনেই ঘরের মধ্যে জ্বলতে থাকেন। আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে মার্সিবল চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মা-ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে।

আগুনে রান্নাঘরের একাংশসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে সৌভাগ্যবশত সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেনি, যা হলে আগুন আরও ভয়াবহ আকার নিতে পারত বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গ্যাস লিক হয়েছিল কি না, সিলিন্ডারে কোনও ত্রুটি ছিল কি না—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

স্ত্রী ও ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন পরিবারের প্রধান বীরেন মণ্ডল। বিপ্লবের বাবা গুড় তৈরি করে সংসার চালান। বোনের বিয়ে হয়ে গিয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গ্যাস সিলিন্ডারের নিয়মিত পরীক্ষা ও সচেতনতার প্রয়োজনীয়তা ফের উঠে এসেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper