Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চূড়ান্ত তালিকাতেও ‘ভূত’! সরব অভিষেক

0 371,388

প্রায় চার মাস ধরে চলা নিবিড় সংশোধন প্রক্রিয়া, আদালতের জটিলতায় নির্ধারিত সময়সীমা পেরিয়ে অতিরিক্ত দু’সপ্তাহের অপেক্ষা—সবশেষে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু হাজারো ঝাড়াই-বাছাইয়ের পরও বিতর্কের আগুন থামল না। অভিযোগ উঠল, জীবিত ভোটারদের নামের পাশেও ‘মৃত’ চিহ্ন! এমনকী যাঁদের শুনানিতে ডাকা হয়নি, তাঁদের নামও বাতিলের তালিকায় চলে গিয়েছে বলে দাবি।

রবিবার সাংবাদিক বৈঠকে এই ইস্যুতে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “শনিবার রাতে ‘একডাকে অভিষেক’ কর্মসূচিতে অন্তত ২৪৩ জন ফোন করেছেন। তাঁরা জীবিত, অথচ নামের পাশে লেখা ‘মৃত’। এঁরা উদ্বিগ্ন, সাহায্য চাইছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে।”

তৃণমূলের অভিযোগ, চূড়ান্ত তালিকায় যোগ্য, বিচারাধীন, মৃত ও স্থানান্তরিত—এই চার শ্রেণির পরিসংখ্যান মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, খসড়া তালিকা প্রকাশের পর থেকেই তারা একাধিক অসঙ্গতির কথা তুলেছিল। তখনই বিএলএ-দের (বুথ লেভেল এজেন্ট) বিশেষ নির্দেশ দেন অভিষেক। এমনকী খসড়া তালিকায় নাম বাদ পড়া কয়েকজন ভোটারকে নিজের জনসভায় এনে নথি-সহ প্রমাণও পেশ করেছিলেন তিনি।

কিন্তু চূড়ান্ত তালিকাতেও একই অভিযোগ সামনে আসায় রাজনৈতিক তরজা তুঙ্গে। অভিষেকের বক্তব্য, “জীবিতকে মৃত দেখানো ক্রিমিনাল অফেন্স। যাঁরা যুক্ত, তাঁরা ভাবছেন ছাড় পাবেন? পাবেন না। আজ ক্ষমতায় যাঁরা আছেন, কাল থাকবেন না। বিচার হবেই।” তিনি আরও বলেন, খসড়া তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের নাগরিকত্ব ও ভোটাধিকার একবার প্রমাণিত হলে তা বাতিল করা যায় না। “নাম থাকার পরও যদি ডিলিট করেন, এই তালিকা প্রকাশ্যে আনব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব,” হুঁশিয়ারি তাঁর।

তাঁর বক্তব্যে উঠে আসে নির্বাচন কমিশনের ভূমিকাও। তিনি দাবি করেন, “লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকলে শুধু নথি জমা দিলেই হবে—এমন আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তার উল্টোটা হয়েছে।” এমনকী তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমার নামে মামলা করুন। তাহলে আদালতে লড়ার সুযোগ পাব। ধরে ধরে মুখোশ খুলব।”

রাজ্যের রাজনৈতিক মহলে এই ইস্যু ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দল বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগকে রাজনৈতিক নাটক বলেই উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সংশোধন প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ম মেনেই হয়েছে।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে সংবেদনশীলতা তুঙ্গে। নাগরিকত্ব, ডিলিটেড ভোটার, বিচারাধীন নাম—সব মিলিয়ে এই তালিকাই আগামী নির্বাচনের ভিত্তি। ফলে চূড়ান্ত তালিকায় ‘মৃত’ চিহ্ন ঘিরে তৈরি হওয়া বিতর্ক রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এখন নজর আদালতের দিকে যায় কি না, এবং নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়—সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper