Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গাড়ির ধাক্কায় মৃত্যু শ্রমিকের, অভিযুক্ত চিকিৎসক

0 153,232

বুধবার ১৯ নম্বর জাতীয় সড়কের নাকা চেকিং পোস্ট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ঝাড়গ্রামের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম কালীপদ রায় (৪৮)। অপরদিকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি অন্য এক শ্রমিক। আহত শ্রমিকের নাম দিলীপ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর সেই চিকিৎসকের গাড়ি চিহ্নিত করে চালককে আটক করে জামালপুর থানায় নিয়ে এসেছে।

মৃত কালীপদ এবং গুরুতর আহত দিলীপ পশ্চিম মেদিনীপুরের রাঙ্গুনিয়া এলাকার বুড়িমোল গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা যখন নিজেদের কাজ করছিলেন হঠাৎই সেই সময়ে দ্রুতগতি সম্পন্ন একটি গাড়ি ওই দুই শ্রমিককে ধাক্কা দেয়। পরে সেটি পালিয়ে যায়। অবশ্য বুদ্ধি করে সেই গাড়ির নম্বর লিখে রাখেন বাকি শ্রমিকরা।

তাঁদের অভিযোগ, ট্রাফিক নিয়ম না মেনেই গাড়িটি বেপরোয়া গতিতে ধাক্কা মারে দুই শ্রমিককে। সঙ্গে সঙ্গেই তাঁরা দু’জন রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার জেরে সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পৌঁছায়। জানা গেছে, অভিযুক্ত গাড়িটি বর্ধমানের এক চিকিৎসকের। পরে ওই গাড়ি-সহ তার চালককে আটক করে জামালপুর থানায় আনা হয়। দুর্ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে অপর একটি দুর্ঘটনায় ডাম্পার ও টোটোর সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। আহত হন ছ’জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বড়বেলুন গ্রামের কাছে। মৃত টোটো চালকের নাম সুমন্ত শিট (৩০)। আর মৃত মহিলা যাত্রীর নাম মঞ্জু মাঝি (৫১)।

জানা গেছে ভাতার বাজার থেকে টোটোয় ছয় যাত্রীকে নিয়ে যাচ্ছিল চালক সুমন্ত শিট। বড়বেলুন গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে সেটি টোটোয় ধাক্কা মারে। ধাক্কার জেরে দুমড়ে যায় টোটোটি। স্থানীয়রা ছুটে এলে পালায় ডাম্পারটি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের ভাতার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় টোটোর চালক সুমন্তর। আহত চার যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার হাসপাতালে মৃত্যু হয় মহিলা যাত্রী মঞ্জু মাঝির। ভাতার থানা সূত্রে খবর, এলাকার কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক ডাম্পারকে ধরার চেষ্টা করছে পুলিশ।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper