Khabor Ekhon
চিপকের একাদশে পরিবর্তনের ইঙ্গিত আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে পৌঁছতে হলে বাকি দুই ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে। এই সহজ সমীকরণ মাথায় রেখেই বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। আর ম্যাচের আগে জোর চর্চা চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে। ফিরবেন কি সঞ্জু? জায়গা পাবেন অক্ষর? তবে একাদশে পরিবর্তন হতেই পারে বলে ইঙ্গিত ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের।
বুধবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ব্যাটিং কোচ সরাসরি কিছু না বললেও তিনি স্বীকার করেন, টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে পরিবর্তন নিয়ে ভাবছে। তিনি বলেন, ‘বিশ্বকাপে চাপ থাকবেই। কিন্তু এই দল চাপ সামলাতে সক্ষম। আমরা ইতিবাচক ক্রিকেটই খেলব। দলে বদল হতেই পারে। আমরা এই নিয়ে আলোচনা করেছি, এটাও ঠিক। কিন্তু এত আগে আমরা কখনওই দল ঘোষণা করি না।’
তবে উদ্বেগের জায়গা ওপেনিং জুটি। ঈশান কিসান পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেললেও অভিষেক ছন্দে নেই। প্রথম তিন ব্যাটারই বাঁহাতি হওয়ায় প্রতিপক্ষ দলগুলো অফস্পিন দিয়ে আক্রমণ শুরু করছে। তিন ম্যাচেই প্রথম ওভারে অফস্পিনে উইকেট হারানোয় ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। তাই ডানহাতি বিকল্প হিসাবে সঞ্জুর নাম সামনে আসছে। বুধবার নেটে দীর্ঘক্ষণ অনুশীলনও করেছেন তিনি।
কোটাক বলেন, ‘দলে এই মুহূর্তে দু’জন বাঁ হাতি ওপেনার রয়েছে। প্রতিপক্ষ দল অফস্পিন বল করে সমস্যায় ফেলার চেষ্টাও করছে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি না অফস্পিনের বিরুদ্ধে বাঁ হাতি দাঁড়ালেই সমস্যা হয়। কিন্তু তিনটি ম্যাচেই প্রথম ওভারে আমরা অফস্পিনে উইকেট হারিয়েছি, তাই এই নিয়ে ভাবতেই হচ্ছে। সঞ্জু তৃতীয় ওপেনার, তবে যে কোনও জায়গায় ব্যাট করতে পারে।’ ফলে তিন নম্বরে ডানহাতি-ডানহাতি বা বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন গড়ার ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অভিষেক শর্মাকে মঙ্গলবার নেটে শুরুতে ব্যাট করতে দেখা যায়নি। অনেক পরে ব্যাট করেন তিনি। এটা কি কোনও ইঙ্গিত? সীতাংশু বলেন, ‘অভিষেক কিন্তু অনেক দিনই প্র্যাকটিসে শুরুতে ব্যাট করে না। দ্বিতীয় পর্বের ব্যাটসম্যানদের সঙ্গে নেটে ঢোকে। তাই এটা কোনও ইঙ্গিত নয়।’
প্রশ্নের মুখে মিডল অর্ডারও। তিলক বর্মা ধীর গতিতে ব্যাটিং করছেন বলে সমালোচনা হচ্ছে। যদিও কোটাকের দাবি, সব সময় বড়ো শটের সুযোগ আসে না। পার্টনারশিপ গড়াও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে, রিঙ্কু বাবার অসুস্থতায় সংক্ষিপ্ত সময়ের জন্য শিবির ছেড়েছিলেন। তবে বুধবার রাতেই চেন্নাইয়ের ফেরেন তিনি।
চিপকের পিচ লাল-কালো মাটির মিশ্রণ। মূলত কালো মাটির প্রাধান্য থাকলে বল গ্রিপ করতে পারে। এমন উইকেটে নিয়ন্ত্রিত স্পিন বড়ো ফ্যাক্টর। তাই বুধবার অক্ষরের ৩০ মিনিটের নেট অনুশীলন বিশেষ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে বসিয়ে অফস্পিনারকে খেলানোর কৌশল মাঠে ফল দেয়নি। পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ-আপ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগই আসেনি। হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করেছেন, পরিসংখ্যান নয়, বরং দলের প্রয়োজনই চূড়ান্ত মানদণ্ড। সেই হিসাবেই অক্ষরের ফেরার সম্ভাবনা জোরালো।
আবার প্রতিপক্ষ জিম্বাবোয়ে কাগজে-কলমে কম শক্তিশালী হলেও এবারের বিশ্বকাপে তারা বিপজ্জনক। গ্ৰুপ পর্বে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। অধিনায়ক সিকান্দার রাজা ‘কিছু হারানোর নেই’ মানসিকতা নিয়ে খেলতে বলছেন দলকে। এদিকে বাঁহাতি পেসার রিচার্ড অ্যাঙ্গেল ও কাটারে সমস্যায় ফেলতে পারেন সূর্যদের। মাঝের ওভারে স্পিন জুটি ওয়েলিংটন ও রায়ান চাপ তৈরি করতে দক্ষ। ব্যাটে ডিওন মায়ার্স ইনিংস গড়তে পারেন। আর বেন কুরান স্পিন ভালো খেলেন। শেষ দিকে রাজা-বুর্লের পাওয়ার হিটিং ম্যাচ লম্বা টেনে নিতে পারে।
সব মিলিয়ে সমীকরণ পরিষ্কার। ভারতের সামনে ‘ডু অর ডাই’ চ্যালেঞ্জ। তাই ইতিবাচক ভাবনা মাঠে ইতিবাচক ফল আনে কি না, তার উত্তর মিলবে লক্ষ্মীবার চিপকের বাইশ গজেই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

