Khabor Ekhon
ভোররাতে রক্তাক্ত হাওড়া! পয়েন্ট ব্ল্যাঙ্কে প্রোমোটার খুন

ফের শুটআউট! এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হল! যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল যুবকের! বুধবার ভোররাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। প্রকাশ্যে খুনের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকি এলাকার সিসিটিভি ফুটেজও ধরা পড়েছে ওই নির্মম খুনের দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃতের নাম শফিক খান (২৭)। রমজান মাস চলায় ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। অভিযোগ, ওই সময় হারুন ও রোহিত নামে এলাকার দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে শফিককে। এলাকার সিসিটিভি ফুটেজ অনুযায়ী, শফিকের সঙ্গে দুই যুবক রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। পাশে আরও কয়েকজন ছিলেন। কথোপকথন চলাকালীন হঠাৎ করেই ওই দুই যুবক আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথা এবং বুকে কয়েক রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শফিক। কয়েক মুহূর্ত পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
তবে স্থানীয়দের দাবি, মৃত ওই এলাকায় প্রোমোটারির কারবার করতেন। প্রোমোটারি সংক্রান্ত কোনও টাকাপয়সা নিয়ে বচসার জেরেই এই খুন। ঘটনায় শফিকের ভাই জাহিদ খানের দাবি, এলাকার দুই জেল ফেরত দুষ্কৃতী হারুন খান ও রোহিত তার দাদা শফিককে গুলি করে খুন করেছে। পুলিশকে ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান ঘটনাস্থলে পৌঁছে দাবি করেন, ভরা রাস্তায় দুষ্কৃতীরা যুবককে গুলি করে পালিয়ে গেল। শফিক এলাকায় ভালো ছেলে হিসাবেই পরিচিত ছিলেন। তিনি পুলিশকে সঠিক ভাবে খুনের তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।
মর্মান্তিক খুনের ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

