Khabor Ekhon
পটচিত্রই চিত্রকরদের জীবনের মোড় ঘোরানোর মূল চাবিকাঠি

পুরুলিয়া মানেই লাল মাটির দেশ। রাস্তার পাশে সারি সারি মাটির কুঁড়েঘর। সেই কুঁড়েঘরের দেওয়ালগুলো যেন একেকটি গল্প বলছে। কারণ স্থানীয়রা ওই দেওয়ালগুলিকে সাজিয়ে তুলেছেন রঙিন পটচিত্রের মাধ্যমে। প্রত্যেকটি চিত্র তাঁদের নিজেদের হাতে আঁকা। প্রতিটি তুলির টান যেন এক একটি রঙিন বাক্য। আর এই ঐতিহ্যবাহী পটচিত্রই যেন ওই এলাকার মানুষের জীবন বদলে দিচ্ছে। এক সময় ওই মানুষগুলিই অন্যের দরজায় দাঁড়িয়ে গান শোনাতেন। তাঁদের একমাত্র জীবিকা ছিল ভিক্ষাবৃত্তি। তবে বর্তমানে তা অতীতের পাতায় স্থান পেয়েছে। কারণ আজ তাদের দরজায় ভিড় করছেন শিল্পপ্রেমী ব্যক্তিরা। এই পটচিত্রই যেন জীবনের নতুন দিশা দেখিয়েছে পুরুলিয়া জেলার কাশীপুরের মাজরামুড়ার চিত্রকর পরিবারদের। ওই শিল্পপ্রেমী মানুষদের জন্যই চিত্রকর পরিবার ভিক্ষার ঝুলি নামিয়ে রেখে হাতে তুলে নিয়েছেন রং তুলি।
তাঁরা জীবন এবং জীবিকার মূল ভিত্তি হিসেবে ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পকে সাজিয়ে তুলেছেন নতুন আঙ্গিকে। এতদিন তাঁরা পটচিত্রকে সীমাবদ্ধ রেখেছিলেন তাঁদের মাটির বাড়ির দেওয়ালের পরিসরে। তবে বর্তমানে সুতির পাঞ্জাবি মহিলাদের জামা, ওড়না থেকে শুরু করে হাতপাখা, কলম রাখার স্ট্যান্ড, চায়ের কাপ-সহ দৈনন্দিন প্রয়োজনীয় সকল সামগ্রীর উপর ফুটিয়ে তুলেছেন নিখুঁত পটচিত্র। ওই এক একটি চিত্র যেন একেকটি গল্প বলছে। দেবদেবীর পৌরাণিক কাহিনি থেকে শুরু করে গ্রামীণ জীবন, সামাজিক বার্তা, প্রকৃতির অপরূপ দৃশ্য সকল কিছুই তাঁদের তুলির টানে যেন নতুন ভাবে জন্ম নিচ্ছে।
পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে জেলার বাইরের এমনকি দেশ বিদেশের বহু শিল্পপ্রেমী পর্যটক আসছেন মাজরামুরায়। তাঁদের অন্যতম আকর্ষণ যেন ওই শিল্পসৃষ্টিগুলি। সঠিক মূল্যের বিনিময়ে কিনে নিয়ে যাচ্ছেন হাতে আঁকা শিল্পসামগ্রী এবং পটচিত্র। চিত্রকর পরিবারের শিল্পসৃষ্টি এখন আর করুণার প্রতীক নয় বরং তা যেন আত্মমর্যাদার এক জীবন্ত প্রতিচ্ছবি।
অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন সামাজিকও বটে। পূর্বের ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত থাকা আত্মবিশ্বাসের অভাব আজ যেন কংসাবতীর স্রোতের সঙ্গে ভেসে অনেক দূরে চলে গিয়েছে। আগে ওই এলাকার স্কুলগুলিতে ছাত্রের অভাবে ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি ছিল। কিন্তু বর্তমানে শিশুদের হাতে বই-খাতা, পিঠে স্কুলের ব্যাগ। তাঁরা স্কুলে যায়, পড়াশোনা করে। তবে পড়াশোনার পাশাপাশি তরুণ প্রজন্ম শিখছে পটচিত্র আঁকার কৌশল। স্বনির্ভরতার পথে এগিয়ে চলছে গোটা গ্রাম।
মাজরামুড়ার ঐতিহ্যবাহী রঙিন গল্প যেন আবারও প্রমাণ করে দিল, সঠিক সুযোগ এবং যোগ্য স্বীকৃতি পেলে শিল্পই পারে জীবনের রূপরেখা বদলে দিতে। দরজায় দরজায় গিয়ে ভিক্ষার পথ ছেড়ে শিল্পসত্তাকে সঙ্গী করে আজ রঙিন ইতিহাস লিখছেন কাশীপুরের চিত্রকর পরিবারেরা। তাঁদের প্রতিটি তুলির টান যেন চিৎকার করে বলে, “আমরা করুণার অংশ নই, শিল্পীসত্তার মাধ্যমে সুন্দরকে সৃষ্টি করে আমরা চাই আমাদের যোগ্য মর্যাদা।”
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

