Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ডানকুনিতে দিলীপের হুঙ্কার, তৃণমূলের পাল্টা জবাব

0 836,790

রাজ্য রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা ছড়াল ডানকুনিতে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য ঘিরে শাসক-বিরোধী তরজায় নতুন মাত্রা যোগ হয়েছে।

সোমবার ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে ডানকুনিতে ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি। ডানকুনি স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে কালীপুরের ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ কড়া ভাষায় তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেন।

তিনি বলেন, “এরপর বেশি বাড়াবাড়ি করলে অফিস থেকে বের করে রাস্তায় ফেলে পেটাব।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে সাড়া ফেলে। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরও আগ্রাসী সুরে তিনি বলেন, “নির্বাচন আসছে। চোখে চোখ দিয়ে লড়ব, কাঁধে কাঁধ দিয়ে লড়ব। গুজরাট থেকে ঝাড়ু মারতে মারতে আসছি আমরা। উত্তরপ্রদেশ, বিহার হয়ে গিয়েছে। এখান থেকে ঝাড়ু মেরে বাংলাদেশ পাঠিয়ে দেব।”

দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয় সীমান্ত সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য নির্বাচনী আবহে মেরুকরণের ইঙ্গিত বহন করছে।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা আক্রমণ শানানো হয়। ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে দিলীপ ঘোষকে ‘জোকার’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “সিআরপিএফ জওয়ানদের সঙ্গে না রেখে ওর বাবার ক্ষমতা থাকলে এই কথা বলে দেখুক দিলীপ ঘোষ। দেখব ওর কত হিম্মত আছে।” তাঁর অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে।

এদিকে, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি চলছে। যদিও দিনভর কোনও বড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বাকযুদ্ধের তীব্রতা। ডানকুনির এই ঘটনাও সেই রাজনৈতিক উত্তাপেরই প্রতিফলন। এখন দেখার, এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper