Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিচারালয়ে বোমাতঙ্ক! রাজ্যজুড়ে আদালতগুলিতে ই-মেল হুমকি, নবান্নে জরুরি বৈঠক

0 564,421

একযোগে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্কের ই-মেল ঘিরে মঙ্গলবার দিনভর চরম নাটকীয়তা ও উত্তেজনার সৃষ্টি হল। ভুয়ো হুমকির জেরে বিঘ্নিত হল বিচারপ্রক্রিয়া, আদালত চত্বর থেকে আতঙ্কিত বিচারপ্রার্থীদের সরানোর হুড়োহুড়িতে তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। তবে নবান্ন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিচারকদের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার এই ঘটনার প্রেক্ষিতে নবান্নে জরুরি সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তিনি বলেন, “কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর-সহ বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর মিলেছে। এতে সাধারণ মানুষ ও বিচারকরা সমস্যার সম্মুখীন হয়েছেন। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে। আমরা সব পক্ষকে আশ্বস্ত করছি, নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আতঙ্কের কোনও কারণ নেই।”

মঙ্গলবার সকালে সবথেকে বেশি চাঞ্চল্য ছড়ায় কলকাতার নগর দায়রা আদালত বা সিটি সিভিল কোর্টে। আদালত সূত্রে খবর, খোদ প্রধান বিচারকের ই-মেলে দাবি করা হয় যে, আদালত চত্বরে শক্তিশালী বোমা রাখা রয়েছে। মুহূর্তের মধ্যে খবর পৌঁছায় লালবাজারে। তড়িঘড়ি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গোটা বিল্ডিং খালি করে দিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু মেলেনি। একই পরিস্থিতি তৈরি হয় ব্যাঙ্কশাল আদালতেও।

রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে জানান, প্রশাসন সবরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বলেন, “শহরের ব্যাঙ্কশাল এবং সিটি সিভিল কোর্টে দুটি হুমকি মেল এসেছিল। মেইল দুটি ভুয়ো ছিল। তবে কে বা কারা এই ইমেল পাঠিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সকাল থেকেই আদালতের গেটে ভিড় জমিয়েছিলেন বহু বিচারপ্রার্থী। কিন্তু পুলিশের কড়া ঘেরাটোপ ও তল্লাশির জেরে স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এজলাস থেকে আইনজীবীদেরও সরিয়ে দেওয়া হয়। দুপুরের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও, এই ধরনের ‘সাইবার হুমকি’র নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে লালবাজারের সাইবার সেল।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper