Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মালদহে জমি দখল ও শ্লীলতাহানির অভিযোগ কাঠগড়ায় তৃণমূল নেতা

0 2,963,904

বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি, সপরিবারে মারধর এবং গৃহবধূর শ্লীলতাহানি— তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে ওঠা এই গুচ্ছ অভিযোগে চাঞ্চল্য ছড়াল মালদহের গাজল থানার রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের অলতোর গ্রামে। অভিযুক্ত লিটন বিশ্বাস ওই অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই ঘটনায় নির্যাতিত পরিবারটি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী পরিবারের দাবি, অলতোর গ্রামে নিজেদের পৈতৃক জমিতে তাঁরা দীর্ঘ বহু বছর ধরে বসবাস করছেন। কিন্তু গত কয়েকদিন ধরে রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী লিটন বিশ্বাস তাঁদের সেই বসতভিটা দখলের চেষ্টা চালাচ্ছিলেন। অভিযোগ, লিটন বিশ্বাস ও তাঁর দলবল বারবার ওই পরিবারকে উচ্ছেদের হুমকি দিচ্ছিলেন।

নির্যাতিতা গৃহবধূর বয়ান অনুযায়ী, ঘটনার দিন লিটন বিশ্বাস দলবল নিয়ে হঠাৎ তাঁদের বাড়িতে চড়াও হন। বাধা দিতে গেলে গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে গেলে ওই গৃহবধূকেও মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই পরিবার।

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময়দেব বর্মণ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “তৃণমূল জমানায় সাধারণ মানুষের ভিটেমাটির নিরাপত্তা নেই। পঞ্চায়েত প্রধানের স্বামী ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জমি ও বাড়ি দখলের চেষ্টা করছেন। এলাকা জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা লিটন বিশ্বাস। তাঁর পাল্টা দাবি, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্টে যাঁরা অভিযোগ করছেন, তাঁরাই অন্যের জমি দখল করে বসে আছেন। আমি কেবল বিবাদ মেটাতে তাঁদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম।”

গাজল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকাটি আপাতত শান্ত থাকলেও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper