Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অভাবকে সঙ্গী করেই রাজ্য দলে পপি মন্ডল, ধুবুলিয়ার মেয়ের স্বপ্ন এবার জাতীয় জার্সি 

0 759,323,604

ধুবুলিয়া, নদীয়া: মাঠে লাঙল চালান বাবা, কোনো রকমে চলে পাঁচ জনের সংসার। সেই বাড়ির মেয়ে আজ রাজ্য অনূর্ধ্ব-১৯ স্কুল স্পোর্টসে বাংলার জার্সি গায়ে তুলে জাতীয় স্তরে তৃতীয় স্থান জিতে ফিরেছে। ধুবুলিয়ার শান্তিনগরের বাসিন্দা পপি মন্ডলের সাফল্যে গর্বিত গোটা এলাকা।

এ বছর ধুবুলিয়া নিবেদিতা বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পপি। বাবা ভদ্রকান্ত মন্ডল দিনমজুরের কাজ করেন জমিতে, মা গৃহবধূ। তিন বোনের মধ্যে পপি সবচেয়ে ছোট—দুই দিদির বিয়ে হয়ে গেছে। আর্থিক টানাপোড়েন নিত্যসঙ্গী হলেও খেলাধুলার প্রতি আগ্রহে কখনও ভাটা পড়েনি তার।

ভদ্রকান্ত মন্ডল বলেন, “মেয়ের খেলাধুলার ঝোঁক ছোটবেলা থেকেই। মাঝে মাঝে ভাবতাম, খেলাধুলা করে কী হবে! কিন্তু ও খুব জেদি। বলত, খেলবই। এখন শুধু চাই, ও যেন আরও এগিয়ে যায়।” বাবার সেই দোটানা আজ গর্বে বদলে গেছে।

সম্প্রতি মনিপুরে অনুষ্ঠিত জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলেছে পপি। প্রতিযোগিতায় বাংলা দল তৃতীয় স্থান অধিকার করে। গলায় ঝোলানো মেডেল দেখিয়ে পপির সরল স্বীকারোক্তি, “আমি আরও ভালো খেলতে চাই। একদিন জাতীয় দলে খেলব—এটাই স্বপ্ন। সবার আশীর্বাদ চাই।”

প্রশিক্ষক নারায়ণ সেনগুপ্তের সঙ্গে পপি মন্ডল

পপির প্রথম কোচ নারায়ণ সেনগুপ্ত জানালেন, পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই তার মধ্যে প্রতিভা ধরা পড়ে। বিদ্যালয়ের শিক্ষিকারা উদ্যোগ নিয়ে তাকে ফুটবল প্রশিক্ষণের জন্য তাঁর হাতে তুলে দেন। “খুবই গরিব ঘরের মেয়ে। কিন্তু পরিশ্রম আর লড়াই করার মানসিকতা অসাধারণ। সেই জেদই ওকে এখানে নিয়ে এসেছে,” বলেন তিনি।

প্রান্তিক ও পিছিয়ে পড়া ধুবুলিয়া অঞ্চলে নারায়ণ সেনগুপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যে পাঁচজন মেয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। পপির সাফল্যে নতুন করে উৎসাহ পাচ্ছে এলাকার অন্যান্য ছাত্রীরাও। গ্রামের মানুষ বলছেন, সুযোগ আর সামান্য সহায়তা পেলে এই মাটির মেয়েরাই একদিন দেশের নাম উজ্জ্বল করবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper