Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার রাজস্থানে সেরা নবাগত পরিচালকের শিরোপা জিতলেন রামকমল

0 92,196

 

মুক্তির এক বছর পেরিয়ে গেলেও ম্যাজিক অব্যাহত। এবার রাজস্থানের মরুশহরে উড়ল বাংলার ‘বিনোদিনী’-র বিজয়পতাকা। ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ (RIFF)-এ আঞ্চলিক ভাষার ছবিতে সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতে নিলেন রামকমল মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ আবারও প্রমাণ করল, শিল্পের কোনও ভৌগোলিক সীমানা নেই।
রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজস্থানি থেকে শুরু করে দেশি-বিদেশি অসংখ্য ভাষার ছবির ভিড়ে উজ্জ্বল হয়ে উঠেছে বাংলার এই পিরিয়ড ড্রামা। পুরস্কার প্রাপ্তির পর আবেগঘন রামকমল জানান, “এই সম্মান শুধু আমার ব্যক্তিগত জয় নয়, এটি আদতে বাংলা সিনেমার জয়। আন্তর্জাতিক মঞ্চে যখন আঞ্চলিক ভাষার ছবি স্বীকৃত হয়, তখন বোঝা যায় সিনেমার ভাষা বিশ্বজনীন।” এর আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন থেকে শুরু করে বোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’ (ক্রিটিকস চয়েস)-র শিরোপাও জিতেছিল এই ছবি।
১৪১ বছর আগে নটী বিনোদিনী যে সামাজিক স্বীকৃতি পাননি, আজ আধুনিক বাংলায় সেই খামতি পূরণ হচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টার থিয়েটারের নাম হয়েছে ‘বিনোদিনী থিয়েটার’, অন্যদিকে রামকমলের হাত ধরে সেলুলয়েডে তাঁর জীবনগাথা নতুনের স্বাদ পেয়েছে। গত বছর মুক্তির পর থেকেই ছবিটিকে নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনই রেকর্ড হারে ‘হাউসফুল’ বোর্ড ঝুলেছে সিনেমা হলগুলিতে।
পরিচালক রামকমল তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বলেন, লন্ডনে ছবিটির প্রদর্শনের সময় তিনি দেখেছেন বিদেশি দর্শকদের চোখ জল। বিনোদিনীর চৈতন্য-সাজে অভিনয় দেখে অনেক দর্শকই জানিয়েছেন, তাঁদের কাছে এটি বাইবেলের কোনও এক পবিত্র অধ্যায়ের মতো মনে হয়েছে। এই দৃশ্যগুলোই প্রমাণ করে নটী বিনোদিনীর লড়াই আর আধ্যাত্মিক উত্তরণ আজ বিশ্ব নাগরিকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।
খবরটি কানে আসতেই পরিচালককে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পর্দার ‘বিনোদিনী’ ওরফে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত গোটা টিম।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper