Khabor Ekhon
বন্ধ হাওড়া বাসস্ট্যান্ড, দুর্ভোগ যাত্রী-সহ চালকদের

হাওড়া রেল স্টেশনের একদম পাশেই রয়েছে পুরনো বাসস্ট্যান্ড। গত বছরের অক্টোবর মাসে হঠাৎই ভেঙে পড়েছিল বাসস্ট্যান্ডের কংক্রিটের ছাউনি। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয় হাওড়া সেই জনবহুল বাসস্ট্যান্ড। তখন থেকেই পুরো বাঁশ দিয়ে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। ফলে যাত্রী তুলতে বাসগুলিকে স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাশাপাশি বাস ধরার জন্য যাত্রীদেরও রোদ, ঝড়, জল উপেক্ষা করে খোলা আকাশের নিচে দাঁড়াতে হচ্ছে। কিন্তু যাত্রীদের এই দুর্ভোগের অবসান কবে ঘটবে, তা জানাতে পারছেন না সরকারি আধিকারিকরাও।
সরকারি সূত্রে খবর, হাওড়া বাসস্ট্যান্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ। সংস্থার এক আধিকারিক জানান, যাত্রীদের স্বার্থে যতদিন না মেরামতের কাজ হচ্ছে, ততদিন হাওড়া বাসস্ট্যান্ড বন্ধ থাকবে। দীর্ঘদিন এই বাসস্ট্যান্ড মেরামত না হওয়ায় একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে শুধু ছাউনি মেরামত করলেই হবে না। বরং পুরো বাসস্ট্যান্ডটিকে নতুন করে তৈরি করতে হবে। তার জন্য বেশ কিছুটা সময় লাগবে।
প্রশাসনিক সূত্রে খবর, হাওড়া স্টেশনের উন্নয়ন প্রকল্পে এই বাসস্ট্যান্ড গড়ে উঠেছিল। পরে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বভার তুলে দেওয়া হয় কেএমডিএ-র হাতে। হাওড়া বাসস্ট্যান্ডের উপরে যে ছাউনি রয়েছে, সেটি কংক্রিট দিয়ে তৈরি। এই ছাউনির পলেস্তরা খসে লোহার রড বেরিয়ে পড়েছে। তার ফলেই ছাউনিতে বড় বড় ফাটল তৈরি হয়েছে। যখন তখনই সিমেন্টের চাঁই খসে পড়ছে। তাই নিরাপত্তা বজায় রাখতে বাসস্ট্যান্ডটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
হাওড়া বাসস্ট্যান্ডের একটা অংশে অটোও দাঁড়াত। বাসস্ট্যান্ড বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রী থেকে চালক, প্রত্যেকেই সমস্যায় পড়েছেন। যাত্রীদের অভিযোগ, বাস ধরার জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

