Khabor Ekhon
একের পর এক ট্রেন দুর্ঘটনা, আতঙ্কিত যাত্রীরা

মঙ্গলবার দুপুরে নবদ্বীপধাম স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী কাটিহার-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় হঠাৎই আগুন লেগে যায়। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কামরায়। সঙ্গে সঙ্গেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। কিছুদিন আগেই এই একই ঘটনা ঘটেছে কাটোয়ার আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায়। এদিনের এই অগ্নিকাণ্ডের পর যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন তাঁরা। তবে রেলের তৎপরতায় বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
রেল ও স্থানীয় সূত্রে খবর, ট্রেনটি এসে নবদ্বীপধাম স্টেশনে দাঁড়ায়। তখনই হঠাৎ একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের কামরাটিকে গ্রাস করতে শুরু করে। স্টেশনে উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করলে তৎক্ষণাৎ ছুটে আসে রেলের কর্মীরা। ঘটনার খবর পেয়েই রেলের উদ্ধারকারী দল ও দমকলের ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে যাত্রীরা ট্রেনের ভেতর থেকে মালপত্র বার করার সুযোগটুকুও পাননি।
আগুন লাগার কারণ কী তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রেলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছেন ফরেনসিক পরীক্ষকরা।
অন্যদিকে, শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল লোকাল ট্রেন। জানা গেছে, বুধবার সকালে ফাঁকা ট্রেনটি সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল। তখনই ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ট্রেনের একটি কামরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে। তবে ট্রেনটিতে থাকা যাত্রীদের বড়সড় কোনও বিপদ হয়নি। আপাতত বন্ধ রাখা হয়েছে ৩ নম্বর প্লাটফর্ম।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

