AB Live News
বিফলে যুবরাজের শতরান, সুপার এইটে নিউজিল্যান্ড ও জিম্বাবোয়ে, বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, বিদায় অস্ট্রেলিয়া ও আফগানদের
পরপর দুই দিন দু’টি শতরানের ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব। সোমবার সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন পাথুম নিশাঙ্কা। মঙ্গলবার তিন অঙ্কের রানের মুখ দেখলেন কানাডার যুবরাজ শর্মা। যদিও জেতেনি তাঁর দল। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রাখলেন কিউইরা। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেল আফগানিস্তানেরও।
অন্যদিকে, পাল্লেকেলে বৃষ্টির জন্য টস পর্যন্ত করতে পারেনি জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড। ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে কোয়ালিফাই করে গেল জিম্বাবোয়ে। গ্রুপ বি থেকে বিদায় নিতে হল অজিদের। তিন ম্যাচে তাদের পয়েন্ট দুই। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছবে তারা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে গুডবাই জানাল অস্ট্রেলিয়া। সুপার এইটে জিম্বাবোয়ে মুখোমুখি হবে ভারতের।
এদিন নিউজিল্যান্ডের ৮ উইকেটে জয়ে নায়ক গ্লেন ফিলিপস। মাত্র ৩৬ বলে ৭৬ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ফিলিপসকে সঙ্গ দেন রাচিন রবীন্দ্র। ৩৯ বলে তিনি অপরাজিত ৫৯ রান। দুই ওপেনার ফিন অ্যালেন (৮ বলে ২১) এবং টিম সেইফার্ট (১০ বলে ৬) দ্রুত ফিরে গেলেও, ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জিতে যায় নিউজিল্যান্ড। কানাডার কোনও বোলারকেই রেয়াত করেননি রাচিন ও ফিলিপস।
এর আগে প্রথমে ব্যাট করে দুরন্ত শতরান হাঁকান যুবরাজ। ৬৫ বলে ১১০ রানের ইনিংস উপহার দেন তিনি। আর এক ওপেনার দিলপ্রীত বাজওয়া ৩৯ বলে করেন ৩৬ রান। বাকিরা কেউই রান পাননি। ফলে ৪ উইকেটে ১৭৩ রানে থামতে হয় তাদের। মাত্র উনিশ বছর বয়সে শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন যুবরাজ। ১১টি চার আর ৬টি ছক্কার সেই ইনিংসে তছনছ হয়ে গিয়েছে একাধিক রেকর্ড। ১৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করে যুবরাজই এখন বিশ্বকাপে কনিষ্ঠতম সেঞ্চুরির মালিক। তিনি ভাঙলেন পাকিস্তানের আহমেদ শেহজাদের রেকর্ড। ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ২২ বছর ১২৭ দিন বয়সে সেঞ্চুরি হাঁকান পাক ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন সুরেশ রায়না। ২০১০ বিশ্বকাপে ২৩ বছর ১৫৬ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান রায়না। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ধরনের বিশ্বকাপ মিলিয়েই তিনি এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন। শুধু তাই নয়, আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরি তাঁরই।
কানাডার ব্র্যাম্পটনে জন্ম নেওয়া এই পঞ্জাবি বংশোদ্ভূত তরুণের ক্রিকেটে হাতেখড়ি টরন্টো ডিস্ট্রিক্ট লিগে। গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক। বাবা বলজিৎ সামরা পঞ্জাব থেকে কানাডায় যান কাজের সূত্রে। বাবার প্রিয় তারকা যুবরাজ সিংয়ের মতোই এই যুবরাজ বাঁহাতে ব্যাটিং করেন। লম্বা ছক্কা হাঁকাতে পছন্দ করেন। ছেলের মঙ্গলবারের ইনিংস নিশ্চয়ই বাবাকে গর্বিত করবে।
গ্রুপ এ থেকে ভারত সুপার এইটের টিকিট পেয়ে গেলেও, দ্বিতীয় দল হিসাবে কারা উঠবে, তার জন্য এখনও অপেক্ষা করতে হবে। আমেরিকা চার ম্যাচে চার পয়েন্ট এবং পাকিস্তানের তিন ম্যাচে চার পয়েন্ট। শেষ ম্যাচে পাকিস্তান হারলে বিদায় নিতে হবে তাদের। কোয়ালিফাই করে যাবে আমেরিকা। গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে উঠলেও, শীর্ষস্থানে থেকে কে শেষ করবে, তার জন্যও অপেক্ষা বাড়ল। শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। যারা জিতবে, তারাই শেষ করবে শীর্ষে। গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ শীর্ষে এবং ইংল্যান্ড দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে উঠেছে। আর গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা শীর্ষে এবং নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। তবে শেষ ম্যাচে প্রোটিয়ারা খারাপ ভাবে হারলে রানরেটে তারা নেমে যাবে দ্বিতীয় স্থানে।
চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ১০ দল। তারা হল নামিবিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, ইটালি, নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিশাহি ও কানাডা। বুধবার বাকি দুই দলের বিদায় ঘণ্টা বেজে যাবে। আমেরিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে একটি দল সুপার এইটে উঠবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

