Khabor Ekhon
পলাশরাঙা দোলের অপেক্ষায় পুরুলিয়া, চড়িদায় মুখোশ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দোল পূর্ণিমা। বসন্তের হাওয়ায় ধীরে ধীরে রঙ ছড়াতে শুরু করেছে পুরুলিয়া। লাল পলাশে রাঙা পাহাড়-টিলা, লাল মাটির গন্ধে মিশে থাকা গ্রাম বাংলার এক অপরূপ শোভা। শাল-পিয়ালের ফাঁক দিয়ে আগুনরঙা পলাশ যেন ঘোষণা করছে উৎসবের আগমন। সব মিলিয়ে এই সময়ে পুরুলিয়ার রূপ যেন আলাদা করে ধরা দেয়। যে রূপ ভাষায় বর্ণনা করা অসম্ভব। দোল মানেই এখানে শুধু রঙের উৎসব নয়। এ যেন প্রকৃতির এক মহোৎসব। আর সেই উৎসবকে ঘিরেই প্রাণ ফিরে পায় বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রাম। যে গ্রাম ‘মুখোশ গ্রাম’ নামেই পরিচিত।
চড়িদা গ্রামে ঢুকলেই চোখে পড়ে বাড়ির বারান্দা জুড়ে শুকোতে দেওয়া রঙিন মুখোশ। প্রতিটি বাড়িতেই যেন রঙের কারখানা। মাটি, কাগজ, কাপড় আর রঙের ছোঁয়ায় তৈরি হয় ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ। কোথাও চলছে মাটি ও কাগজের প্রলেপ। কোথাও তুলির টানে ফুটে উঠছে রাম, রাবণ, মহিষাসুর কিংবা পৌরাণিক চরিত্রের মুখাবয়ব। এই শিল্পই এখানে জীবন। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখোশ তৈরির মাধ্যমেই সংসার চলে গ্রামের প্রায় প্রতিটি পরিবারের। তবে পলাশের মরশুম এলেই ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। সকাল থেকে গভীর রাত ঘরে ঘরে চলে মুখোশ তৈরির কাজ। কারণ, এই সময়টুকুই বছরের অন্যতম বড় বিক্রির মরশুম।
চড়িদার মুখোশ শিল্পীদের দাবি, দোল ও পলাশ উৎসবকে সামনে রেখেই বহুদিন আগে থেকে শুরু হয়েছে প্রস্তুতি। পর্যটকদের চাহিদা মাথায় রেখে তৈরি হচ্ছে নানান আকার ও নকশার মুখোশ। রঙে, অলংকরণে, কারুকাজে প্রতিটি মুখোশ যেন আলাদা এক শিল্পকর্ম। বসন্তের আগুনরঙা পলাশ যেমন পুরুলিয়ার পরিচয়। তেমনই এই অভিজাত মুখোশও জেলার সাংস্কৃতিক গর্ব।
তবে এ বছর কিছুটা চিন্তাও রয়েছে শিল্পীদের মনে। দোলের সময় পরীক্ষার মরশুম থাকায় পর্যটকদের আনাগোনা তুলনামূলক কম হতে পারে বলেই আশঙ্কা। তবুও আশায় বুক বাঁধছেন তাঁরা। কারণ পুরুলিয়ার বসন্তের টানে দেশ-বিদেশ থেকে পর্যটকরা প্রতি বছরই ছুটে আসেন। অযোধ্যা পাহাড়ের পাদদেশে পলাশের রঙে মোড়া প্রকৃতি উপভোগের পাশাপাশি চড়িদার মুখোশ তাঁদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।
বছর জুড়েই মুখোশের ব্যবসা চললেও বসন্তই এনে দেয় বাড়তি সম্ভাবনা। তাই এই সময়টাকে ঘিরেই স্বপ্ন বোনেন শিল্পীরা। পলাশের আগুনরঙা ডালে যখন বসন্তের দক্ষিণ বাতাস বয়, তখন চড়িদার মাটির ঘরে ঘরে রঙের ছোঁয়ায় গড়ে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর জীবিকার গল্প। পুরুলিয়ার বসন্ত তাই শুধু প্রকৃতির নয়। এ যেন শিল্পেরও উৎসব।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

