AB Live News
বাঘমুণ্ডিতে দাঁতালের তাণ্ডব!সুবর্ণরেখার পাড়ে হাতির হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ

সাতসকালে গবাদি পশুদের জল খাওয়াতে গিয়ে বুনো হাতির কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার দুপুরে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত তুনতুড়ি-সুইসা অঞ্চলের মারচা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত বৃদ্ধের নাম গুরুচরণ সিং মুড়া (৭৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার বেলা দেড়টা নাগাদ বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী সুবর্ণরেখা নদীর পাড় সংলগ্ন জঙ্গলে গরু ও ছাগলকে জল খাওয়াতে নিয়ে গিয়েছিলেন গুরুচরণবাবু। ফেরার পথে আচমকাই একটি বিশালাকায় বুনো দাঁতালের সামনে পড়ে যান তিনি। প্রাণভয়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দাঁতালটির অতর্কিত আক্রমণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ।
ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত এলাকায় পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ এবং বনবিভাগের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।
এই ঘটনার জেরে মারচা গ্রাম ও সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে শোকের পাশাপাশি দানা বাঁধছে ক্ষোভও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এলাকায় বেশ কিছুদিন ধরেই বুনো হাতির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। বনবিভাগকে জানানো সত্ত্বেও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা বা হাতি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং ওই এলাকায় হাতির গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

