Khabor Ekhon
নদিয়ায় চাঞ্চল্য, মৃত মায়ের চক্ষুদান ঘিরে তুলকালাম‘অঙ্গ পাচারের’অভিযোগে শ্রীঘরে সন্তান-সহ ৫

মহৎ উদ্দেশ্যে চক্ষুদান নাকি অর্থের বিনিময়ে দেহাংশ বিক্রি? এই চরম বিতর্ককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কৃষ্ণনগর কোতোয়ালি থানার শ্যামনগর এলাকা। মৃত মায়ের কর্নিয়া সংগ্রহের পর অঙ্গ বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন খোদ সন্তান-সহ পরিবারের পাঁচ সদস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের শ্যামনগরের বাসিন্দা রাবেয়া বিবি বার্ধক্যজনিত কারণে গত রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কিছু পরেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও চিকিৎসকরা তাঁর বাড়িতে এসে কর্নিয়া সংগ্রহ করেন। পরিবারের দাবি, রাবেয়া বিবির আগে থেকেই চক্ষুদান করার অঙ্গীকার করা ছিল।
চক্ষু সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেশী ও স্থানীয়দের একটি বড় অংশ অভিযোগ তোলেন যে, আমির চাঁদ শেখ তাঁর বৃদ্ধা মায়ের কর্নিয়া মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।
প্রতিবেশী রসিদ শেখের দাবি, ‘‘দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধার ওপর অত্যাচার চালাত তাঁর পরিবার। এবার মৃত্যুর পর প্রচুর টাকার বিনিময়ে তাঁর চোখ বিক্রি করে দেওয়া হয়েছে।’’
ঘটনার সময় উত্তেজিত জনতা চক্ষুদানের বৈধ নথিপত্র দেখতে চাইলেও পরিবার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।
উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার ছেলে আমির চাঁদ শেখ, দুই কন্যা এবং পুত্রবধূসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়ার আগে আমির চাঁদ শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে জানান, ‘‘চক্ষুদানের যাবতীয় আইনি ও মেডিক্যাল নথিপত্র আমাদের কাছে রয়েছে। সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে আমাদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’’
বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এটি সত্যিই পূর্বপরিকল্পিত স্বেচ্ছায় চক্ষুদান ছিল নাকি এর পেছনে কোনও আর্থিক লেনদেন জড়িয়ে আছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি নথিপত্র যাচাইয়ের পরই প্রকৃত সত্য সামনে আসবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

