Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নারী সুরক্ষায় নয়া ধাপ, দুর্গাপুরে বাসে বাসে মহিলাযাত্রীদের হাতে হেল্পলাইন নম্বর পৌঁছে দিল পুলিশ

0 57,909

খবর এখন:গণপরিবহণে মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এক অভিনব ও সময়োপযোগী পদক্ষেপ নিল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। বাসে যাতায়াতের সময় মহিলারা যাতে নিজেদের সুরক্ষিত অনুভব করেন এবং বিপদে পড়লে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হতে পারেন, সেই লক্ষ্যেই সোমবার বিশেষ সচেতনতা অভিযান চালানো হল।

সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সরাসরি বিভিন্ন দূরপাল্লার বাসে উঠে মহিলাযাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় জরুরি হেল্পলাইন নম্বর সম্বলিত বিশেষ কার্ড।

ট্রাফিক পুলিশের আধিকারিকরা যাত্রীদের আশ্বস্ত করে জানান, যাত্রাপথে কোনও প্রকার হেনস্তা বা ইভটিজিংয়ের শিকার হলে কিংবা নিজেকে অসুরক্ষিত মনে করলে ওই নম্বরে ফোন করলেই মিলবে দ্রুত পুলিশি সাহায্য।

কার্ড বিলির পাশাপাশি জরুরি অবস্থায় কীভাবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে, সে বিষয়েও মহিলাদের বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।

দূরপাল্লার বাসে যাতায়াতের সময় অনেক ক্ষেত্রেই মহিলারা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। পুলিশের এই তৎপরতায় খুশি সাধারণ যাত্রীরা। তাঁদের মতে, সরাসরি পুলিশের কাছ থেকে হেল্পলাইন নম্বর পাওয়া এবং তাঁদের অভয়বাণী দীর্ঘ যাত্রাপথে মানসিক শক্তি ও নিরাপত্তা জোগাবে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল বাসস্ট্যান্ড নয়, আগামী দিনে এই নজরদারি ও সচেতনতা কর্মসূচি আরও বিস্তৃত করা হবে যাতে শিল্পশহরের প্রতিটি কোণে মহিলারা নির্ভয়ে চলাচল করতে পারেন।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper