AB Live News
মোদির কনভয়ের সামনে যুবক, চাঞ্চল্য কোচবিহারে
লোকসভা নির্বাচনের আবহে উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচারে এসে নিরাপত্তার বড়সড় মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কোচবিহারের রাসমেলার ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা শহর, ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে শুয়ে পড়ে প্রণাম করার চেষ্টা করলেন এক যুবক। আচমকা এই ঘটনায় ভিড়ের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই যুবককে আটক করে নিরাপত্তারক্ষীরা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম অসীম সরকার, বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায়। রবিবার কোচবিহারের জনসভায় যোগ দিতে অসম থেকে বিমানযোগে সরাসরি কোচবিহার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তাঁর কনভয় রাসমেলার মাঠের দিকে রওনা দেয়। রাস্তার দু’পাশে তখন মোদিকে একঝলক দেখার জন্য উপচে পড়া ভিড়। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দল (SPG)। কিন্তু কনভয়টি যখন গন্তব্যের কাছাকাছি, তখনই ঘটে এই নাটকীয় ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কনভয় আসার খবর পেতেই ভিড় ঠেলে আচমকা রাস্তার মাঝখানে লাফিয়ে পড়েন অসীম সরকার নামে ওই যুবক। রাস্তার ওপর সটান শুয়ে পড়ে দু’হাত জোড় করে সাষ্টাঙ্গে প্রণাম করতে শুরু করেন তিনি। মাত্র কয়েক মিটার দূরত্বেই তখন ছিল প্রধানমন্ত্রীর গাড়ি। এমন দৃশ্য দেখে কার্যত থমকে যান উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আঁচ করে ঝাঁপিয়ে পড়েন এসপিজি ও রাজ্য পুলিশের কর্মীরা। দ্রুততার সঙ্গে ওই যুবককে রাস্তা থেকে পাঁজাকোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রীর কনভয় অবশ্য কোথাও থামেনি, নির্ধারিত সূচি মেনেই তিনি সভামঞ্চে পৌঁছান। এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। নিরাপত্তার এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে একজন সাধারণ যুবক নিরাপত্তা বলয় ভেঙে সরাসরি কনভয়ের সামনে চলে এলেন, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার এই গাফিলতি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত অসীম সরকার নিজেকে বিজেপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। জেরায় তিনি জানিয়েছেন, প্রিয় নেতাকে চোখের সামনে দেখে আবেগের বশবর্তী হয়েই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে দেখার এবং প্রণাম করার সুপ্ত বাসনা থেকেই তিনি প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলেন। তবে এই স্রেফ ‘আবেগ’ নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আপাতত ওই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনী মরশুমে ভিভিআইপি নিরাপত্তায় এমন ফাটল প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

