Khabor Ekhon
ভোটারদের ‘স্টিম রোলার’ দেওয়ার হুমকি, ধৃত তৃণমূল প্রধান
নির্বাচনী জনসভা থেকে ভোটারদের প্রকাশ্য দিবালোকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পূর্বের দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাফিজুল মোল্লা। শনিবার জীবনতলা থানার পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। অভিযোগ, দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় বিরোধীদের ভোট দিলে ফল ঘোষণার পর ‘স্টিম রোলার’ চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে দেউলি এলাকায় একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হাফিজুল মোল্লা অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ভোটার ও দলীয় কর্মীদের একাংশকে সতর্ক করেন। তাঁকে বলতে শোনা যায়, “অনেকে দলের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছেন। যাঁরা বিশ্বাসঘাতকতা করে বিরোধীদের ভোট দেবেন, তাঁদের উপর দিয়ে স্টিম রোলার চালানো হবে। ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণার পরই এই পদক্ষেপ করা হবে।” এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি) রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।তৃণমূল প্রধানের এই মন্তব্যকে সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ ও ভোটারদের ভয় দেখানোর সামিল বলে দাবি করেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তিনি এই ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। কমিশনের কড়া নির্দেশের পর শনিবার পদক্ষেপ করে জীবনতলা থানার পুলিশ।
নির্বাচনের মুখে এক পঞ্চায়েত প্রধানের গ্রেফতারিতে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রাজনীতি। জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ধৃত হাফিজুল মোল্লার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিরোধীদের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল নেতারা এখন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। তবে এই বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

