Khabor Ekhon
নোরার নিশানায় ছবির টিম!
রূপসা দাস: কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সরকে চুনর’ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল বলিপাড়া। বিতর্কের আঁচ পৌঁছেছে লোকসভা পর্যন্ত। অশ্লীল লিরিক্সের অভিযোগে শেষমেশ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে গানটি। দীর্ঘ নীরবতা ভেঙে এবার এই বিতর্ক নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন অভিনেত্রী নোরা ফতেহি। একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, হিন্দি লিরিক্সের কুরুচিকর অর্থ সম্পর্কে তিনি অন্ধকারে ছিলেন এবং তাঁর অজান্তেই এই সংস্করণটি প্রকাশ করা হয়েছে।
‘হিন্দি শুনেই বুঝেছিলাম বিপদ’
নোরা জানান, গানটির শুটিং হয়েছিল প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায়। সঞ্জয় দত্তের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। নোরার কথায়, “আমি কন্নড় ভাষা বুঝি না। শুটিংয়ের সময় আমাকে যা বোঝানো হয়েছিল, তাতে অশ্লীল কিছু মনে হয়নি। কিন্তু গানটি যখন হিন্দি সংস্করণে লঞ্চ করা হলো, লিরিক্স শুনেই আমি চমকে উঠি। আমি তখনই পরিচালককে বলেছিলাম, এর জন্য তীব্র সমালোচনা হবে এবং আমার ভাবমূর্তি নষ্ট হবে।”
পরিচালকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নোরার দাবি, তিনি প্রতিবাদ করা সত্ত্বেও নির্মাতারা তাঁর কথায় কান দেননি। অভিনেত্রী বলেন, “আমি নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নিয়েছিলাম। খেয়াল করলে দেখবেন, আমি এই ছবির বা গানের কোনো প্রচার করিনি। শিল্পী হিসেবে আমাদের মতো মানুষদের কথা অনেক সময় শোনা হয় না, কারণ আমাদের মাথার ওপর কারও হাত নেই। আমরা তো ‘নেপো কিড’ নই।” তবে বিতর্কের জেরে গানটি শেষ পর্যন্ত সরিয়ে ফেলায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এআই ভিডিও নিয়ে সতর্কবার্তা
ভিডিও বার্তায় নোরা দর্শকদের অনুরোধ করেছেন যেন এই গানটি আর কোথাও শেয়ার না করা হয়। একই সঙ্গে তাঁর ছবি ব্যবহার করে তৈরি করা কিছু কুরুচিকর ‘AI’ (Artificial Intelligence) ভিডিও ও ছবি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নোরার এই সাহসী বয়ান এখন নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

