Khabor Ekhon
সবকা হিসাব হোগা’, তৃণমূলকে বিদায়ের চরম হুঁশিয়ারি মোদীর
ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চ থেকে এদিন কার্যত প্রলয়নাচন নাচলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সরকারের বিরুদ্ধে তাঁর আক্রমণের সুর ছিল নজিরবিহীনভাবে কঠোর। দুর্নীতির অভিযোগ ছাপিয়ে এদিন মোদীর নিশানায় ছিল বাংলার আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তা। অপরাধীদের কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “বিজেপি সরকার এলে একদিকে যেমন ‘সবকা সাথ, সবকা বিকাশ’ হবে, তেমনই অন্য হাতে ‘সবকা হিসাব’ নেওয়া হবে।” অর্থাৎ, গত কয়েক বছরে বাংলায় ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের চুলচেরা বিচার যে গেরুয়া শিবির করবে, সেই হুঁশিয়ারি এদিন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গ অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। আরজি কর থেকে সন্দেশখালি, কিংবা কসবা— প্রতিটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “এই নির্মম সরকার ধর্ষকদের আশ্রয় দেয়, অপরাধীদের আড়াল করে।” বাংলার মা-বোনেদের দুশ্চিন্তার কথা তুলে ধরে তিনি বলেন, “আজও সন্ধ্যার আগে মেয়েদের বাড়ি ফেরার তাগাদা দিতে হয় মায়েদের। এই ভয়ের পরিবেশ এবার শেষ হবে। তৃণমূলের গুন্ডামির দিন ফুরিয়ে এসেছে, বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।”
বক্তৃতার সবচেয়ে চর্চিত অংশ ছিল অপরাধীদের শাস্তির প্রতিশ্রুতি। মোদী হুঙ্কার দিয়ে বলেন, “তৃণমূলের রাজনীতিই হল ধমকানো এবং চমকানো। কিন্তু মনে রাখবেন, বিজেপি সরকার তৈরি হওয়ার পর কাউকেই রেয়াত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অপরাধীদের একমাত্র গন্তব্য হবে জেল।” রাজনৈতিক মহলের মতে, ‘সবার হিসাব নেওয়া হবে’— এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী আসলে শাসকদলের নেতা ও তাঁদের আশ্রিত দুষ্কৃতীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ভোটের আবহে দাঁড়িয়ে এদিন মোদী কেবল আক্রমণেই সীমাবদ্ধ থাকেননি, বরং এক ‘নতুন বাংলা’ গড়ার ডাক দিয়েছেন। তিনি আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে মহাজঙ্গলরাজ শেষ হবে এবং বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার করা হবে। এদিনের জনসভায় উপচে পড়া ভিড় দেখে প্রধানমন্ত্রীর দাবি, পরিবর্তনের এই ঝড় আর কেউ রুখতে পারবে না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

