Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মুকুল রায়ের মৃত্যু: কিছু প্রশ্নের উত্তর খুঁজছে বীজপুরের মানুষ প্রশ্নের মুখে শবযাত্রার ধরন থেকে বিধায়কের অনুপস্থিতি,তুঙ্গে জল্পনা

0 68,971,318

চাণক্য-হীন বীজপুর এখন শোকাতুর, কিন্তু সেই শোকের আবহে দানা বাঁধছে একাধিক রাজনৈতিক প্রশ্ন। দীর্ঘ ৬০০ দিন হাসপাতালে যমে-মানুষে টানাটানির পর প্রয়াত হয়েছেন মুকুল রায়। তাঁর প্রয়াণে তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা কান্নায় ভেঙে পড়লেও, বীজপুরের অলিগলিতে এখন ঘুরপাক খাচ্ছে কিছু অস্বস্তিকর প্রশ্ন। যার কেন্দ্রে রয়েছে আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচন এবং দলের অভ্যন্তরীণ সমীকরণ।

৬০০ দিনের নিঃসঙ্গতা ও ‘রোড শো’ বিতর্ক

মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া থাকলেও জনমানসে প্রশ্ন উঠেছে সৌজন্য নিয়ে। দীর্ঘ ৬০০ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু কুণাল ঘোষ ছাড়া তৃণমূলের প্রথম সারির ক’জন নেতাকে তাঁর শয্যাপাশে দেখা গিয়েছে? অথচ মৃত্যুর পর তাঁর শবযাত্রাকে কেন্দ্র করে যে আড়ম্বর দেখা গেল, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে খোদ দলের অন্দরেই। স্থানীয়দের একাংশের প্রশ্ন, বাবলু রক্ষিত বা আবু সিংহ রায়ের মতো নেতাদের প্রয়াণে যে নীরব শোকযাত্রা দেখা গিয়েছিল, মুকুল রায়ের ক্ষেত্রে তা কেন ‘রোড শো’-এর রূপ নিল? শোকের আবহে স্লোগান আর ভিড়ের আস্ফালন কি তবে রাজনৈতিক শক্তিপ্রদর্শনের মাধ্যম ছিল?

সুবোধের অনুপস্থিতি ও ‘সাইডলাইন’ জল্পনা

সবথেকে বেশি চর্চা হচ্ছে বর্তমান বিধায়ক সুবোধ অধিকারীর অনুপস্থিতি নিয়ে। বীজপুরের মাটিতে মুকুল রায়ের শেষযাত্রায় বিধায়কের দেখা না মেলায় গোষ্ঠীদ্বন্দ্বের ‘গোপন গন্ধ’ পাচ্ছেন অনেকেই। সম্প্রতি সুবোধ অধিকারীকে উত্তর ২৪ পরগনার তিনটি বিধানসভার (বীজপুর, নৈহাটি ও আমডাঙা) কো-অর্ডিনেটর মনোনীত করেছে দল। জেলার অন্য কোনও বিধায়ককে এমন গুরুদায়িত্ব দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সুবোধের পদোন্নতি নাকি ২০২৬-এর প্রার্থী তালিকা থেকে তাঁকে ‘সুষ্ঠুভাবে’ সরিয়ে দেওয়ার কৌশল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিরোধী শিবিরের দাবি, দল সুকৌশলে সুবোধকে সাইডলাইনে পাঠিয়ে দিয়েছে। খোদ বিধায়কও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আর বিধায়ক থাকতে চান না। তবে কি তিনি দিল্লির পথে পা বাড়াতে চাইছেন? এই প্রশ্নই এখন বীজপুরের চায়ের আড্ডার মূল খোরাক।

শুভ্রাংশুর ‘আবেগ’ ও ২০২৬-এর ইঙ্গিত

বৃহস্পতিবার হালিশহর বিপিনবিহারী গাঙ্গুলি উদ্যানে আয়োজিত স্মরণসভায় মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের কণ্ঠে শোনা গিয়েছে নতুন সুর। বাবার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, “আমি মুকুল রায়ের মতো হতে চাই। কতটা সফল হব জানি না, তবে বীজপুরের মানুষের আশীর্বাদ চাই।” রাজনৈতিক মহল মনে করছে, এই ‘আশীর্বাদ’ চাওয়ার আড়ালে লুকিয়ে আছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত।

এদিকে বীজপুর জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। কোথাও সুবোধ অধিকারীর সমর্থনে প্রচার চলছে, আবার কোথাও প্রার্থীর নাম ছাড়াই কেবল ‘জোড়া ফুল’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রার্থীর নামহীন এই দেওয়াল লিখন কি নতুন কোনও মুখের ইঙ্গিত?

মুকুল রায়ের প্রয়াণ বীজপুরের রাজনীতিতে যে শূন্যতা তৈরি করেছে, তা কি পুত্র শুভ্রাংশু পূরণ করবেন নাকি সুবোধ অধিকারীর ডানা ছাঁটা হবে— এই গোলকধাঁধার উত্তর খুঁজছে বীজপুরবাসী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper