Khabor Ekhon
২৬-এ লক্ষ্য বাংলা-তামিলনাড়ু, হরিদ্বার থেকে হুঙ্কার অমিত শাহের

চব্বিশের লোকসভা ও সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোর সাফল্যের রেশ ধরে এবার ২০২৬-এর মেগা লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরাখণ্ডের হরিদ্বারের পবিত্র মাটি থেকে তিনি স্পষ্ট ঘোষণা করলেন, আগামী ২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সরকার গড়বে বিজেপি ও এনডিএ জোট। দুই অ-বিজেপি শাসিত রাজ্য দখলই এখন পদ্ম শিবিরের ‘পাখির চোখ’। একদিকে যখন বঙ্গে পরিবর্তনের লক্ষ্যে ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই শাহের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।
শনিবার হরিদ্বারের জনসভা থেকে অমিত শাহ বিরোধী দুর্গ জয়ের রোডম্যাপ তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে বিহার, কেরল এবং মহারাষ্ট্রের সাম্প্রতিক সাফল্যের খতিয়ান। শাহ বলেন, “বিহারে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। কেরলের তিরুঅনন্তপুরমে প্রথমবার ফুটেছে পদ্ম, উড়েছে বিজেপির বিজয়পতাকা। মহারাষ্ট্রেও জিতেছে এনডিএ। এবার সময় এসেছে বাংলা ও তামিলনাড়ুর। ২০২৬-এ এই দুই রাজ্যেই বিজেপি সরকার গঠন করবে, এ বিষয়ে আমি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী।” রাজনৈতিক মহলের মতে, দক্ষিণ ও পূর্ব ভারতের এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যকে টার্গেট করে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিল, তারা কোনওমতেই লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি নয়।
এর আগে বিহারের আরারিয়া জেলাতেও শাহের গলায় শোনা গিয়েছিল বাংলার প্রসঙ্গ। সেই সুর বজায় রেখেই তিনি জানান, দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশ একটি বড় চ্যালেঞ্জ। শাহের হুঙ্কার, “ভারতকে অনুপ্রবেশমুক্ত করার সময় এসেছে। খুব শীঘ্রই সীমান্ত অঞ্চল জুড়ে বড় পদক্ষেপ নেওয়া হবে। বাংলাতেও ভোট আসন্ন, আর সেখানে বিজেপি ক্ষমতায় এসেই প্রথম কাজ করবে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া।” তাঁর এই মন্তব্য যে সরাসরি পশ্চিমবঙ্গের শাসকদলের ভোটব্যাঙ্কে আঘাত হানার কৌশল, তা স্পষ্ট।
অমিত শাহ যখন দিল্লি-উত্তরাখণ্ড থেকে জয়ের বার্তা দিচ্ছেন, তখন বাংলার মাটি কার্যত রণক্ষেত্র। রাজ্যজুড়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে দফায় দফায় অশান্তির খবর মিলছে। বীরভূম থেকে কুলটি, কিংবা পুরুলিয়া— সর্বত্রই তৃণমূল-বিজেপি দ্বৈরথে ধুন্ধুমার পরিস্থিতি। কোথাও বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠছে, কোথাও আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াচ্ছেন গেরুয়া কর্মীরা। এই উত্তপ্ত আবহের মধ্যেই বিজেপি নেতৃত্ব দাবি করছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই জানান দিচ্ছে যে পরিবর্তন আসন্ন।
বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সবথেকে বড় চমক হতে চলেছে আগামী ১৪ মার্চের ব্রিগেড সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মেগা ইভেন্টকে সফল করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার ব্রিগেডের ময়দানে মহাসভার সাফল্যের কামনায় সাড়ম্বরে ‘ভূমিপুজো’ সারলেন বঙ্গ বিজেপির নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সভায় একাধিক বড় ‘চমক’ থাকবে, যা বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে।
অমিত শাহের এই বঙ্গ জয়ের দাবিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসকদলের মতে, দিল্লির নেতারা ভোটের আগে বাংলায় স্বপ্ন দেখতে আসেন, কিন্তু মানুষ তাঁদের প্রত্যাখ্যান করবে। সব মিলিয়ে, মোদীর ব্রিগেড এবং শাহের হরিদ্বার-হুঙ্কারের পর বাংলার রাজনৈতিক লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

