Khabor Ekhon
বোন মমতা হয়তো রাগ করেছেন’, আক্ষেপ রাষ্ট্রপতির
সোমলতা ঘোষ শিলিগুড়ি: রাজনীতির ঊর্ধ্বে উঠে এক মানবিক ও আবেগী মুহূর্তের সাক্ষী থাকল উত্তরবঙ্গ। শনিবার বাগডোগরা সংলগ্ন গোঁসাইপুরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে যোগ দিয়ে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায় শোনা গেল অভিমানের সুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি এবং রাজ্য সরকারের কোনও প্রতিনিধি তাঁকে স্বাগত জানাতে না আসায় প্রকাশ্য মঞ্চ থেকেই আক্ষেপ প্রকাশ করলেন দেশের প্রথম নাগরিক। মমতাকে ‘ছোট বোন’ সম্বোধন করে রাষ্ট্রপতির প্রশ্ন, “মমতা বোধহয় রাগ করেছেন? তাই নিজে এলেন না, কোনও মন্ত্রীকেও পাঠালেন না।”
শনিবার অনুষ্ঠানের সূচনা হয় একটি শাল চারা রোপণের মধ্য দিয়ে। এরপরই জনসভায় ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাষ্ট্রপতি। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও তো বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি অন্তরের সঙ্গে ভালোবাসি। কিন্তু আজ কাউকে না দেখে আমার দুঃখ হচ্ছে।” রাষ্ট্রপতি হওয়ার পর উত্তরবঙ্গে তাঁর এই প্রথম সফরে প্রশাসনিক প্রতিনিধির অভাবকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।
সূত্রের খবর, শনিবারের এই মেগা ইভেন্টটি আগে বিধাননগর বা অন্য কোনও এলাকায় হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সভাস্থল পরিবর্তন করে গোঁসাইপুরে (বাগডোগরা বিমানবন্দরের কাছে) নিয়ে আসা হয়। এই স্থান পরিবর্তন ঘিরেই কি নবান্নের সঙ্গে কোনও দূরত্ব তৈরি হয়েছে? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকে রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি থাকলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও শীর্ষস্তরের মন্ত্রী বা পদাধিকারীকে দেখা যায়নি।
সাধারণত রাষ্ট্রপতি কোনও রাজ্যে সফরে এলে প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্যরা তাঁকে স্বাগত জানান। কিন্তু এই সফরে সেই চেনা ছবি দেখা যায়নি। তৃণমূলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রপতির সফরসূচি বা সভাস্থল নিয়ে টানাপড়েনের কারণেই হয়তো এই দূরত্ব বজায় রাখছে শাসক দল।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ছিল তুঙ্গে। আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের এই সম্মেলনে যোগ দিতে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছিলেন। কিন্তু উৎসবের মেজাজের মাঝেও রাষ্ট্রপতির ওই একটি মন্তব্য— “এটা আমার জন্য দুঃখের”— গোটা সফরের রাজনৈতিক আবহাওয়াকে তপ্ত করে তুলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

