Khabor Ekhon
সৌরভ ‘দালাল’ হলে শাহ কেন লুচি-আলুর দম খেলেন? সজলকে কড়া জবাব অভিষেকের

বাংলার আইকন তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপি নেতা সজল ঘোষের ‘দালাল’ সম্বোধন ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে এই ইস্যুতে পাল্টা সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, “সৌরভ যদি দালাল হন, তবে ২০২১ সালে তাঁর বাড়িতে গিয়ে কেন লুচি-আলুর দম খেয়েছিলেন অমিত শাহ?”
সম্প্রতি একটি অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অত্যন্ত কুরুচিকর শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ। তিনি দেশের অন্যতম সফল অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতিকে ‘দালাল’ বলে আক্রমণ করেন। একজন আন্তর্জাতিক মানের কিংবদন্তি খেলোয়াড়কে নিয়ে এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জনমানসে ক্ষোভ তৈরি হয়।
শুক্রবার ধর্মতলায় ‘এসআইআর’ হেনস্তার প্রতিবাদে আয়োজিত ধরনামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বিজেপির দ্বিচারিতাকে কাঠগড়ায় তুলে বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় এই দেশের গর্ব। তিনি ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দিয়েছেন। সজল বাবু তাঁকে ‘দালাল’ বলছেন? আমার প্রশ্ন হল, সৌরভ যদি দালালই হন, তবে ২০২১ সালের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষদের বগলদাবা করে কেন তাঁর বেহালার বাড়িতে গিয়ে পাত পেড়ে লুচি-আলুর দম খেয়েছিলেন অমিত শাহ? আসলে তিনি আপাদমস্তক একজন বাঙালি, তাই তিনি মাথা নত করেননি। আর এটাই বিজেপির সহ্য হচ্ছে না।”
এদিন শুধুমাত্র সৌরভ ইস্যুতেই সীমাবদ্ধ থাকেননি অভিষেক। এসআইআর ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অসহযোগিতা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সুর চড়ান তিনি। ধরনামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই অভিষেক ঘোষণা করেন, এসআইআর সংক্রান্ত জটিলতা ও হেনস্তার কারণে রাজ্যে ১৭২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “মাটির লড়াইয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের বলিদান বৃথা যেতে দেব না। এবার আর শুধু ‘নো ভোট টু বিজেপি’ বললে চলবে না। এবার বলতে হবে সামাজিকভাবে বিজেপিকে বয়কট করুন।” ভোটমুখী বাংলায় অভিষেকের এই ‘সামাজিক বয়কট’-এর ডাক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বাঙালির আবেগের জায়গায় আঘাত, অন্যদিকে এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভ—এই দুই হাতিয়ারকে কাজে লাগিয়েই শুক্রবার ধর্মতলা থেকে আন্দোলনের নতুন সুর বেঁধে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিষেকের প্রশ্নের কোনও সরাসরি উত্তর পাওয়া যায়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

