Khabor Ekhon
মমতা: শ্রীচৈতন্যের বাংলায় দাগ লাগতে দেব না
দোলের রঙিন উৎসবের মাঝে আজ গৌর পূর্ণিমা ও শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার সহিষ্ণুতার ঐতিহ্য রক্ষার শপথ নিয়েছেন। তিনি লিখেছেন, “আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, একদিকে বাংলা-বিদ্বেষ এবং অপরদিকে ধর্ম-বিদ্বেষ—এই দুইয়ের বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। সব ধর্ম, সব জাতি ও সব শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে চলাই বাংলার চিরকালীন ঐতিহ্য বলে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও মানবতার আদর্শ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর মানবতার আদর্শ বিগত ৫০০ বছর ধরে আমাদের পথ দেখাচ্ছে, উদ্বুদ্ধ করে চলেছে। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধনী-দরিদ্র, বিদ্বান-মূর্খ, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণকে একত্র করেছিল। তাদের প্রেমের শৃঙ্খলে বেঁধে, এক সাম্য ও ঐক্যের পথ দেখিয়েছিল যার পরিণতি বাংলার নবজাগরণ।”
তিনি জোর দিয়ে বলেছেন যে, মহাপ্রভুর ধর্ম আসলে মানবতার ধর্ম। রাজনৈতিক মহলের মতে, এই পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী বিজেপিকে সহিষ্ণুতা ও সম্প্রীতির পাঠ দিতে চেয়েছেন।
একইসঙ্গে তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের রাজ্য সরকার, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে ‘হেরিটেজ টাউন’ হিসেবে গড়ে তুলছে। পাশে মায়াপুরে ইসকন-এর পবিত্র এই তীর্থ নগরী তৈরি করতে ৭০০ একর জমির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।”
আজকের দিনে বাংলা জুড়ে দোলের উৎসব চলছে। রঙের আবিরে মেতে উঠেছে রাজ্যের মানুষ। নবদ্বীপ ও মায়াপুরে ভক্তদের ঢল নেমেছে। মুখ্যমন্ত্রীর এই বার্তা সম্প্রীতি ও ঐক্যের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

