Khabor Ekhon
বামফ্রন্টে ফাটল, আইএসএফ-প্রীতিতে শরিকদের চরম ক্ষোভ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের অভ্যন্তরীণ আসন সমঝোতা নিয়ে তীব্র অচলাবস্থা। সিপিএমের সঙ্গে আইএসএফ-এর (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) ঘনিষ্ঠতায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে ফ্রন্টের দীর্ঘদিনের শরিক দলগুলি—বিশেষ করে আরএসপি (রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি) ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। শরিক নেতাদের অভিযোগ, সিপিএম নতুন করে উঠে আসা আইএসএফ-কে অগ্রাধিকার দিচ্ছে, যেখানে পুরনো সঙ্গীদের রাজনৈতিক মর্যাদা ও ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে।
একাধিক আসনে রফা না হওয়ায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, শরিক দলগুলি আলাদা প্রার্থী ঘোষণা করে দিতে পারে। সেক্ষেত্রে সিপিএম-আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’-এ নামতে পারে আরএসপি ও ফরওয়ার্ড ব্লক। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আইএসএফ-প্রীতিকে কেন্দ্র করে শরিকদের ক্ষোভ চরমে। এক শরিক দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করে বলেছেন, “আমরা বছরের পর বছর সংকট-সংগ্রামে পাশে ছিলাম। এখন নতুন দলকে খুশি করতে আমাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে। এটা বামফ্রন্টের দুর্বলতা। আইএসএফ-এর শ্রমিক-কৃষক আন্দোলনে কী ভূমিকা? এটা মেনে নেওয়া যায় না।”
আরএসপির সঙ্গে ৬টি আসন নিয়ে জটিলতা চরমে। এগুলি হল—কালচিনি, আলিপুরদুয়ার, বাসন্তী, বোলপুর, কালীগঞ্জ ও বৈষ্ণবনগর। এর মধ্যে কালচিনি, বাসন্তী ও বোলপুর আইএসএফ দাবি করেছে, অন্যদিকে কালীগঞ্জ, বৈষ্ণবনগর ও আলিপুরদুয়ার চাইছে সিপিএম। আরএসপি জানিয়েছে, এই ৬টি আসন ছাড়া তাদের পক্ষে লড়া অসম্ভব। বাকি ১৩টি আসনে সিপিএমের সঙ্গে রফা হয়েছে। বুধবার আরএসপি নেতৃত্ব ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বৈঠকে আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় ও রাজ্যনেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তাদের দাবি জানিয়েছেন।
ফরওয়ার্ড ব্লকের দাবি করা আসন দেগঙ্গা, পাঁচলা ও মধ্যমগ্রামে আইএসএফ ভাগ বসাতে চাইছে। ফরওয়ার্ড ব্লক স্পষ্ট জানিয়েছে, দেগঙ্গা আইএসএফ-কে ছাড়লে পাঁচলায় তারা লড়বে। মধ্যমগ্রাম ছাড়তে নারাজ তারা। বৈঠকে ফরওয়ার্ড ব্লকের পক্ষে ছিলেন রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়। শরিক নেতাদের সাধারণ অভিযোগ—সিপিএম শরিকদের পরে রেখে আইএসএফ-এর কথাকে প্রাধান্য দিচ্ছে।
এই অসন্তোষের পটভূমিতে ২০২১-এর নির্বাচনের স্মৃতি উঠে আসছে। সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশে অধীর চৌধুরীর বক্তৃতার মাঝে আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠতেই ‘ভাইজান, আব্বাস’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ময়দান। মহম্মদ সেলিম ও বিমান বসু তাঁকে স্বাগত জানাতে এগিয়ে যান, যার ফলে অধীরকে বক্তৃতা অসমাপ্ত রেখে চলে যেতে হয়। বামফ্রন্ট সূত্রের খবর, আসন বণ্টন নিয়ে আরও বৈঠক হবে, কিন্তু শরিকদের ক্ষোভ মেটাতে না পারলে জোটের ভবিষ্যৎ অনিশ্চিত। এই অভ্যন্তরীণ সংকট বামেদের পুরনো গৌরব ফিরিয়ে আনার স্বপ্নকে আরও জটিল করে তুলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

