Khabor Ekhon
আদালতের পর ফের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে বোমাতঙ্ক

সামনেই বিধানসভা ভোট, তার আগে রাজ্যজুড়ে একাধিক জায়গায় বোমাতঙ্ক। বৃহস্পতিবার কলকাতার পাসপোর্ট অফিস-সহ পোস্ট অফিসে ই-মেল মারফত বোমা রাখার হুমকি। আসানসোল, হাওড়া ও বর্ধমানের বিভিন্ন ডাকঘরেও একই ধরনের বার্তা পৌঁছয় বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজ্যজুড়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে একটি মেল আসে। এরপরই কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ই-মেলে বলা হয়, দফতরগুলিতে আরডিএক্স মজুত রাখা রয়েছে। দ্রুত জায়গা খালি না করা হলে বিস্ফোরণ ঘটবে। হুমকির খবর সামনে আসতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। সংশ্লিষ্ট ভবনগুলি খালি করে দেওয়া হয়, ডাকা হয় বম্ব স্কোয়াড। শুরু হয় একাধিক জায়গায় তল্লাশি অভিযান।
দু’দিন আগেই কলকাতা-সহ বিভিন্ন জেলা আদালতে একই ভাবে ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। কৃষ্ণনগর, কলকাতা ও বহরমপুর আদালতেও বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে সাংবাদিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তিনি জানান, দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং আতঙ্কের কোনও কারণ নেই। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
উত্তেজনা সবচেয়ে বেশি তৈরি হয়েছিল কলকাতার সিটি সিভিল কোর্টে। আদালত সূত্রে খবর, প্রধান বিচারকের দফতরে সরাসরি একটি ই-মেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। মুহূর্তের মধ্যে খবর যায় লালবাজারে। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও বিশাল পুলিশবাহিনী পৌঁছে গোটা ভবন খালি করে চিরুনি তল্লাশি চালায়। অবশ্য দীর্ঘ অনুসন্ধানের পরও কোনও বিস্ফোরক মেলেনি।
সেদিন আদালত প্রাঙ্গণে বহু বিচারপ্রার্থী ভিড় করেছিলেন। তল্লাশির জেরে শুনানি ব্যাহত হয়, আইনজীবীদেরও অনেক ক্ষেত্রে এজলাস ছাড়তে বলা হয়। দুপুরের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

