Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের পথ প্রশস্ত,কেন্দ্রের চিঠি পেয়ে নবান্নে তোড়জোড় শুরু

0 876,473

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গে স্থায়ী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) রাজ্য সরকারকে চিঠি দিয়ে ডিজিপি পদের শূন্যতা পূরণের জন্য যোগ্য আইপিএস অফিসারদের নামের তালিকা চেয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা ডিজি পদমর্যাদায় উন্নীত হয়েছেন, তাঁদের সকলের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে হবে।

নবান্ন সূত্রের খবর, ইউপিএসসির এই চিঠি পাওয়ার পর রাজ্য প্রশাসন তৎপর হয়ে উঠেছে। আগামী শুক্রবারের মধ্যেই প্রাথমিকভাবে আটজন সিনিয়র আইপিএস অফিসারের নামের তালিকা দিল্লিতে পাঠানো হতে পারে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বর্তমান ডিজি (ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস) অনুজ শর্মার নাম। ১৯৯১ ব্যাচের এই আইপিএস অফিসারকে অনেকেই সম্ভাব্য স্থায়ী ডিজিপি হিসেবে দেখছেন।

তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য নামগুলি হল— রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে (১৯৯৩ ব্যাচ), ডিজি হোমগার্ড এন আর বাবু (নটরাজন রমেশ বাবু), ডিজি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা, ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং-সহ মোট আটজন আইপিএস।

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার (১৯৮৯ ব্যাচ) অবসর নেওয়ার পর রাজ্য সরকার পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে। কিন্তু সেই সময় নির্দিষ্ট সময়সীমার মধ্যে নামের তালিকা ইউপিএসসির কাছে না পাঠানোর অভিযোগ ওঠে। ফলে কেন্দ্র স্থায়ী নিয়োগের ছাড়পত্র দিতে অস্বীকার করে। প্রশাসনিক সচলতা বজায় রাখতেই পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা চলছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি)-এর নির্দেশের পর এবার প্রক্রিয়া গতি পেয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ইউপিএসসি এই তালিকা থেকে তিনজনের প্যানেল তৈরি করে রাজ্যের কাছে পাঠাবে, তারপর রাজ্য সরকার চূড়ান্ত একজনকে স্থায়ী ডিজিপি হিসেবে নিয়োগ করবে।

রাজ্য পুলিশ প্রশাসনে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। সকলের নজর এখন নবান্নের পরবর্তী পদক্ষেপের দিকে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper