Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরায় অনিল

0 189,586

আর্থিক তছরুপ ও ব্যাঙ্ক ঋণ জালিয়াতি সংক্রান্ত তদন্তে ফের ইডির দফতরে হাজিরা দিলেন শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছন ৬৬ বছর বয়সী রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। সাদা শার্ট ও গাঢ় জ্যাকেট পরিহিত অবস্থায় তাঁকে দফতরে প্রবেশ করতে দেখা যায়। সূত্রের খবর, রিলায়েন্স কমিউনিকেশন সংক্রান্ত ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইডি সূত্রে দাবি, অনিল অম্বানীর নেতৃত্বাধীন রিলায়েন্স কমিউনিকেন (আরকম) এবং তার সহযোগী সংস্থাগুলি দেশীয় ও বিদেশি ঋণ মিলিয়ে মোট ৪০,১৮৫ কোটি টাকা ঋণ নিয়েছিল। অভিযোগ, ওই ঋণের একটি বড় অংশ যথাযথভাবে ব্যবহার না করে আর্থিক অনিয়মের মাধ্যমে সরানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই মানি লন্ডারিং আইনে তদন্ত শুরু হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, ইতিমধ্যেই এই মামলায় প্রায় ১৫,৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকার ১৭ তলা আবাসন। ওই সম্পত্তির একটি অংশ—যার বাজার মূল্য আনুমানিক ৪৭৩.১৭ কোটি টাকা—গত বছর নভেম্বরেই বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার পুরো সম্পত্তি ঘিরে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএল এ)-এর অধীনে প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার জারি করেছে ইডি। ফলে তদন্ত চলাকালীন এই সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা বন্ধক রাখা যাবে না।

ইডির অভিযোগ, আরকম ও তার গ্রুপ সংস্থাগুলির ঋণ পুনর্গঠন প্রক্রিয়ার সময় একাধিক আর্থিক গরমিল সামনে আসে। কিছু ক্ষেত্রে ঋণের অর্থ অন্য খাতে স্থানান্তর এবং শেল সংস্থার মাধ্যমে লেনদেনের ইঙ্গিতও মিলেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অনিল অম্বানীর পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, অনিল আম্বানি হলেন দেশের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ভাই। এক সময় দুই ভাইয়ের যৌথ ব্যবসা বিভাজনের পর অনিল আম্বানির হাতে আসে টেলিকম, বিদ্যুৎ, অবকাঠামো ও প্রতিরক্ষা সহ একাধিক খাত। কিন্তু গত দুই দশকে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যে ধারাবাহিক ধাক্কা লাগে। ঋণের বোঝা ও বাজারে প্রতিযোগিতার চাপে আরকম দেউলিয়া প্রক্রিয়ায় যায়।

সম্প্রতি আয়কর দফতর ও ইডি—দুই কেন্দ্রীয় সংস্থার নজরেই রয়েছেন তিনি। বিশেষজ্ঞ মহলের মতে, এই মামলার অগ্রগতি শুধু একটি কর্পোরেট গোষ্ঠীর ভবিষ্যৎই নয়, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ঋণ খেলাপি সংক্রান্ত নজির হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এখন নজর, ইডির জেরায় কী নতুন তথ্য উঠে আসে এবং তদন্ত কোন দিকে মোড় নেয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper