Khabor Ekhon
ফের কাঁপল সিকিম, কম্পন টের উত্তরবঙ্গেও

হিমালয়ের পাদদেশে আবারও ভূকম্পনের দোলায় কেঁপে উঠল পাহাড়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিকিমের গিয়ালশিং এলাকায় অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক এলাকায় মৃদু কাঁপুনি টের পান মানুষজন। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা বাড়ি ও কর্মস্থল থেকে রাস্তায় নেমে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। অল্প গভীরতার কারণে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই সিকিমে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ধারাবাহিক কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছিলই। তার মধ্যেই ফের এই ভূকম্পন নতুন করে আশঙ্কা উসকে দিয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চল ভূকম্পনপ্রবণ এবং মাঝারি মাত্রার ভূমিকম্প সেখানে অস্বাভাবিক নয়।
ইতিমধ্যে সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতর সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি মক ড্রিল শুরু হয়েছে এবং একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে ভূমিকম্পের সময় মান্য স্ট্যান্ডার্ড সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের তরফে বাড়ি ও কর্মস্থলে নিরাপদ স্থান চিহ্নিত করে রাখা, গুজব এড়িয়ে চলা এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে স্কুলগুলিতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সচেতনতামূলক কর্মসূচি চালু রয়েছে।
প্রশাসনের দাবি, ভূমিকম্প একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং এর নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই আতঙ্ক নয় বরং প্রস্তুতিই একমাত্র ভরসা। সতর্কতা ও সচেতনতার মাধ্যমেই সম্ভাব্য বিপদের মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

