Khabor Ekhon
নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ, গণপিটুনি অভিযুক্তকে

ফের যৌন লালসার শিকার নাবালিকা। পাড়াতুতো মামার কুকর্মের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল নির্যাতিতা। এই ঘটনা সামনে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। শুক্রবার সকালে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের রাঁচি কলোনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গুরুতর জখম অবস্থায় যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা দুর্গাপুরের বাসিন্দা। আচমকাই তার পেটে ব্যথা শুরু হয়। দীর্ঘক্ষণ পরেও সেই ব্যথা না কমায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা জানান, ওই নাবালিকা অন্তঃসত্ত্বা। এরপরই পরিবারের কাছে পুরো বিষয়টি জানায় নির্যাতিতা। সেই জিজ্ঞাসাবাদে জানা যায় নাবালিকার এক পাড়াতুতো মামা তাকে ধর্ষণ করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মী হিসাবে কাজ করে। শুধুমাত্র এই নাবালিকা নয়, এলাকার অন্যান্য নাবালিকার সঙ্গেও তার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরই শুক্রবার সকালে ওই যুবককে দেখে তার ওপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। বাঁশের খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গণপিটুনির সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধর্ষণের মামলারও তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

