Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাক সরকারকে চিঠি গাভাসকর-কপিলের

0 1,509,912


নয়াদিল্লি: একসময় ইমরান খানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতেন সুনীল গাভাসকররা। শচীন তেন্ডুলকরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন ওয়াসিম আক্রম। কিন্তু এখন দুই দেশ দুই মেরুতে। চিত্র এতটাই বদলেছে যে, সৌজন্য হিসাবে করমর্দনও আর করেন না সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘারা।
কিন্তু ভারত ও পাকিস্তানের প্রাক্তনরা এখনও একে অপরের কথা ভাবেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দি। জানা গিয়েছে, গুরুতর অসুস্থ তিনি। জেলবন্দি ইমরানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সুনীল, কপিল দেবরা। পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারকে চিঠি লিখেছেন বিভিন্ন দেশের মোট ১৪ ক্রিকেটার। তাঁদের মধ্যে সানি বা কপিল ছাড়াও রয়েছেন গ্রেগ চ্যাপেল, মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইক ব্রিয়ারলি, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয় ও জন রাইট। কঠিন সময়ে প্রতিপক্ষ অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।
চিঠিতে গাভাসকররা লিখেছেন, ‘পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তি ক্রিকেটার ইমরানের স্বাস্থ্য নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। ক্রিকেটে ওঁর অবদান অপরিসীম। অধিনায়ক হিসাবে উনি পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতিয়েছেন। আমাদের মধ্যে অনেকেই ইমরানের বিরুদ্ধে খেলেছি। কিন্তু ওঁর প্রতিভা, দক্ষতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। বিশ্বক্রিকেটের সেরা অলরাউন্ডারদের মধ্যে ইমরান একজন। ক্রিকেটের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বও উনি সামলেছেন। তাঁর রাজনৈতির মনোভাব যাই হোক না কেন, পাকিস্তানের রাজনীতিতে উনি বড়ো নাম।’
২০২৩ সাল থেকে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। জেলে থাকাকালীন ইমরানের শরীর খারাপের খবর বাইরে এসেছে। সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন ক্রিকেটাররা লিখেছেন, ‘গত আড়াই বছর ধরে জেলে থাকাকালীন ইমরানের শরীর খারাপের খবর সামনে এসেছে। বিশেষ করে ওঁর দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবর পেয়েছি। আমরা মনে করি, ইমরানের মতো এক ব্যক্তিত্বের সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে আচরণ করা হোক।’ চিঠিতে আরও লেখা, ‘আমরা পাকিস্তানের সরকারকে অনুরোধ করছি, ইমরানকে দ্রুত ও যথোপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। আন্তর্জাতিক মানের ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসার ব্যবস্থা করুক প্রশাসন। ওঁর সঙ্গে নিয়মিত পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হোক। ওঁর শারীরিক অবস্থার কথা প্রতিনিয়ত সকলকে জানানো হোক।’ গাভাসকরদের এই চিঠি নিয়ে অবশ্য পাকিস্তান সরকার এখনও কিছু জানায়নি।
ভারত ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কের যে কোনও অবনতি হয়নি তা চলতি বিশ্বকাপেই দেখা গিয়েছে। যেখানে দু’দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলছেন না, হাত মেলাচ্ছেন না, সেখানে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা গাভাসকরের সঙ্গে পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার আক্রম ও ওয়াকার ইউনিস খোশমেজাজে কথা বলছেন। এমনকি, টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত শর্মাকেও দেখা গিয়েছে আক্রমকে জড়িয়ে ধরতে। সানিরা আরও একবার দেখালেন, খেলার মাঠের লড়াই খেলার মাঠেই রেখে আসা উচিত। তার মধ্যে রাজনীতি ঢোকানো উচিত নয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper