Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দল হারতেই জামাইকে তোপ শ্বশুরের, বিক্ষুব্ধ সমর্থকরাও

0 345,665

ভারতের কাছে পাকিস্তানের হার মেনে নিতে পারছেন না শাহিদ আফ্রিদি। রবিবার ভারতের বিরুদ্ধে দুই ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচ করেছেন তাঁর জামাই শাহিন শাহ আফ্রিদি। ফলে এবার জামাইকেই দল থেকে ছেঁটে ফেলতে বললেন শ্বশুর। পরিষ্কার জানিয়ে দিলেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে শাহিনকে ছাঁটাই করতেন তিনি।

আফ্রিদির মতে, দলের সিনিয়র ক্রিকেটারদের হারের দায় নিতে হবে। বার বার একই ক্রিকেটারদের উপর ভরসা দেখানোর মানে নেই। সেটা নির্বাচকদের বুঝতে হবে। আফ্রিদি বলেন, ‍‘যদি আমার হাতে ক্ষমতা থাকত তাহলে শাহিন, বাবর ও শাদাবকে বাদ দিয়ে দিতাম। ওদের বদলে নতুনদের সুযোগ দিতাম। এরা তো বছরের পর বছর খেলছে। এখনও ভারতকে হারাতে পারল না। তাহলে কেন ওদেরই খেলিয়ে যাব। আমার মনে হয়, নামিবিয়া ম্যাচেই এই তিন জনকে বসিয়ে দেওয়া উচিত।’ দলকে জেতাতে না পারলে সিনিয়র ক্রিকেটারদেরও খেলার অধিকার নেই বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‍‘এত দিন ধরে এরা খেলছে। এখনও জানে না, কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয়। এখনও দায়িত্ব নিয়ে খেলতে পারে না। সিনিয়র হিসাবে ওরা কী করছে? তাহলে কোন যোগ্যতায় ওরা খেলবে? ওদের এখনই বাদ দেওয়া উচিত।’

অতীতে অনেক বার শাহিন পাশে পেয়েছেন শাহিদকে। কঠিন সময়ে শাহিনের উপর ভরসা দেখিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে শাহিন যে পাকিস্তানের বড়ো অস্ত্র, সেই দাবি বার বার করেছেন। কিন্তু রবিবারের হারের পর আর জামাইয়ের হয়ে কথা বলতে পারছেন না তিনি। শাহিদের কথা থেকেই তা বোঝা যাচ্ছে।

হারের পর নিজেদের দেশেই সমালোচনার মুখে পাকিস্তানের ক্রিকেটাররা। পাশাপাশি আক্রমণ করা হচ্ছে নকভিকেও। রবিবার পুরো ম্যাচ মাঠে থাকেননি নকভি। পাকিস্তানের ৫ উইকেট পড়ার পরেই মাঠ ছেড়ে পালিয়ে যান তিনি। ফলে আরও সমালোচনার মুখে পড়েছেন নকভি। চাপ বাড়ছে তাঁর উপর।

এদিকে, পাকিস্তানের হারের পর আবার ফিরল পুরোনো দৃশ্য। খেলা শেষে রাগের মাথায় টেলিভিশন ভেঙে ফেললেন এক সমর্থক। পাকিস্তানের সমর্থকের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক তাঁর টেলিভিশনটি মাটিতে আছড়ে ফেলেছেন। তার পর ব্যাটের আঘাতে তা ভেঙে ফেলছেন। ক্যাপশনে ওই যুবক লেখেন, ‍‘ভারত আবার পাকিস্তানকে হারিয়ে দিল। রাগে আমিও আমার টেলিভিশন ভেঙে ফেললাম।’ পরে আরও একটি পোস্ট করেন ওই সমর্থক। সেখানে তিনি লেখেন, ‍‘ভেঙে পড়েছি। লজ্জা লাগছে। আতঙ্কে আছি। কথাও বলতে পারছি না।’

ভারতের বিরুদ্ধে খেলা দেখতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় ১২,০০০ পাকিস্তানি সমর্থক। দলের লজ্জার হার মাঠে বসে দেখতে হয়েছে তাঁদের। খেলা শেষে অনেককেই দেখা যায়, কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বার হচ্ছেন। অনেকে আবার খেলা শেষ হওয়ার আগে মাঠ থেকে বেরিয়ে যান। মকবুল নামের এক পাক দর্শক কাঁদতে কাঁদতে সংবাদসংস্থাকে বলেন, ‍‘এটা তো এখন জলভাতে পরিণত হয়েছে। আশা করেছিলাম, এবার হয়তো জিতব। অন্তত লড়াই করব। কিন্তু কোথায় কী? বুমরা তো ছাড়, হার্দিকের বিরুদ্ধেই খেলতে পারছি না। ভারত ভালো খেলেছে। ওরা যোগ্য দল হিসাবে জিতেছে।’

মকবুল আরও জানিয়েছেন, এই ভাবে খেললে পাকিস্তান দলের কোনও আশা নেই। তিনি বলেন, ‍‘এই ভাবে খেললে অন্যদের কাছেও পাকিস্তান হারবে। কোনও আশা নেই। ম্যাচ হারলেও সেখান থেকে ইতিবাচক কিছু পাওয়া যায়। এই ম্যাচ থেকে ইতিবাচক কিছু নেই। গত ২০-২৫ বছর ভারত আমাদের টেক্কা দিচ্ছে। ওদের দাপট দিন দিন বাড়ছে।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper