Khabor Ekhon
বাদুড়িয়ায় চাঞ্চল্যকর খুনকাণ্ড বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে নৃশংস হত্যার অভিযোগ, গ্রেফতার বিএলও

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এক ভয়াবহ ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা এলাকা। তথ্য দেওয়ার নাম করে এক ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক বিএলও (ব্লক লেভেল অফিসার)-র বিরুদ্ধে। কয়েকদিনের নিখোঁজের পর ওই ব্যক্তির দেহের খণ্ডিত অংশ বিভিন্ন খাল ও নদী থেকে উদ্ধার হওয়ায় ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল এবং তার সহযোগী সাগর গাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাসির আলিকে ‘সারের নথি’ সংক্রান্ত বিষয়ে কথা বলার অজুহাতে ফোন করে ডেকে পাঠানো হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাসিরের স্ত্রীর সঙ্গে রিজওয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল গত দেড় বছর ধরে। সেই সম্পর্কের জেরেই দুই বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তা ক্রমশ চরম শত্রুতায় রূপ নেয়।
তদন্তকারীদের দাবি, রিজওয়ান নাসিরের বাড়িতে তার ছোট ছেলেকে পড়াতে যেত। সেই সূত্রেই নাসিরের স্ত্রী বিউটি খাতুন বিবির সঙ্গে তার পরিচয় ও পরবর্তী সময়ে সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানতে পেরে নাসিরের সঙ্গে রিজওয়ানের সম্পর্কে চিড় ধরে। সম্প্রতি এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডাও হয়েছিল বলে জানা গেছে। পুলিশের অনুমান, সেই বিরোধের পরই বন্ধুকে ‘পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার’ পরিকল্পনা করে অভিযুক্তরা।
খুনের পর দেহ গোপন করতে নৃশংস পন্থা নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, দেহের বিভিন্ন অংশ আলাদা আলাদা করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। চাতরা ব্রিজের তলা থেকে হাত-পায়ের আটটি অংশ উদ্ধার হয়েছে। চারঘাট ব্রিজের নিচ থেকেও দেহের অংশ মিলেছে। মাথাটি উদ্ধার হয়েছে গোবরডাঙা শ্মশানের কাছে একটি ব্রিজের তলা থেকে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কীভাবে দীর্ঘদিনের বন্ধুত্ব এমন পরিণতির দিকে গড়াল? পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত নাসির আলির পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অপরদিকে, এই ঘটনা প্রশাসনিক মহলেও অস্বস্তি বাড়িয়েছে, কারণ অভিযুক্ত ব্যক্তি সরকারি দায়িত্বে কর্মরত ছিলেন।
ঘটনার তদন্ত অব্যাহত। পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত চার্জশিট পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাদুড়িয়ার এই নারকীয় হত্যাকাণ্ড রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

