Khabor Ekhon
বাইক দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার! পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ বাহিনীর

জলপাইগুড়ি : মোটরবাইক করে রাতে মেয়েকে টিউশন পড়িয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা লুতফর রহমান(৪৮)। সেসময় হঠাৎ পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে দ্রুতগতি সম্পন্ন একটা ট্রাক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের গোশালা মোড় এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। গুরুতর আহত হয় মেয়ে। মর্মান্তিক এই ঘটনার পর পুলিশ এলে ক্ষোভ ফেটে পড়ে উত্তেজিত জনতা এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, লুতফর রহমান জলপাইগুড়ি তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ মেয়েকে টিউশন পড়িয়ে বাইকে করে বাড়ি যাচ্ছিলেন। তখনই গোশালা মোড়ে একটি ট্রাক এসে বাইকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাবা-মেয়ে দু’জনেই ছিটকে পড়েন। তারপরও তৃণমূল নেতাকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি। ট্রাকের নিচে বাইকটি পড়ে ছিল। আত্মরক্ষা করার জন্য ওই অবস্থাতেই ট্রাকচালক প্রায় ২ কিলোমিটার গাড়ি চালিয়ে পালিয়েছিল বলে খবর। অবশেষে অসম মোড় এলাকায় বাসিন্দারা ট্রাকটি আটকে দেয়।
প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেয়। পুলিশ এলে প্রথমে শুরু হয় বচসা। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। রক্তাক্ত বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা লুতফর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ওই তৃণমূল নেতার কন্যা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ওই নেতার মৃত্যুর খবর শুনে ক্ষোভে, রাগে ফেটে পড়ে আমজনতা। রাস্তায় নেমে শুরু হয় প্রতিবাদ। এই ঘটনার জেরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লরি ও চালকের খোঁজ চলছে বলে খবর। তবে এই বিষয়টা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। আদৌ এটি নেহাতই পথ দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে জানতে তৎপর এলাকাবাসী।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

