AB Live News
নেপালকে সাহায্য করতে চান স্টেন, প্রশংসা যুবরাজ-অশ্বিনদের

চার রানে হারলেও নেপালের লড়াই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। প্রাক্তন ক্রিকেটাররাও প্রশংসা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন প্রায় ঘটিয়ে ফেলেছিল নেপাল। তবে নেপালের লড়াই দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডেল স্টেন। তিনি কোনও ভাবে নেপাল দলের সঙ্গে যুক্ত হয়ে পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নেপালের খেলা দেখার পর স্টেন লেখেন, ‘নেপাল, তোমাদের যদি দরকার হয় তাহলে আমি সাহায্য করতে তৈরি। আরও উঁচুতে ওঠো।’
প্রতিবেশী দেশের খেলাকে কুর্নিশ জানিয়েছেন যুবরাজ সিং। তিনি লিখেছেন, ‘নেপালের প্রতি সমীহ বেড়ে গেল। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নেমে, শেষ বল পর্যন্ত ওরা লড়াই করে গিয়েছে, হৃদয় দিয়ে খেলে নিজেদের জাত চিনিয়েছে! এভাবেই কোনও দলের উন্নতি হয় এবং চ্যাম্পিয়নরা উঠে আসে। ক্রিকেটবিশ্ব তোমাদের দেখছে!’
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮৫ রান তাড়া করতে নেমে উইকেট হারালেও চাপে পড়েনি নেপাল। কুশল ভুরতেল, রোহিত পৌড়েল এবং শেষের দিকে লোকেশ বাম প্রায় জিতিয়ে এনেছিলেন দলকে। শেষ ওভারে ১০ রান দরকার ছিল। কিন্তু স্যাম কারেনের নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে জিতিয়ে দেয়। ম্যাচ দেখে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘অসাধারণ খেলল নেপাল। ক্রিকেটের উঠতি দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে ওরাই সেরা। যথেষ্ট প্রতিভা আছে ওদের দলে।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

