Khabor Ekhon
বিশ্বকাপের ফাঁকে মদ্যপান! ভারত থেকে বিতাড়িত আমিরশাহির পাক ক্রিকেটার

বিস্ফোরক অভিযোগ সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার মহম্মদ জোয়েবের বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যার মধ্যে মদ্যপানের অভিযোগও রয়েছে। শাস্তিস্বরূপ তাঁকে আমিরশাহিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আরব আমিরশাহি। চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই দল। কিন্তু তার আগে দলের ব্যাটার মহম্মদ জোয়েব দুবাই ফিরে যাচ্ছেন। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
জোয়েবের বিরুদ্ধে বিশ্বকাপের মাঝেই মদ্যপান এবং মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতার বিস্ফোরক অভিযোগ উঠেছে! যা দলের শৃঙ্খলাভঙ্গ বলে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও হবে। সেই কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি। জোয়েব পাকিস্তানি বংশোদ্ভূত। ২৮ বছর বয়সি ক্রিকেটার আমিরশাহির হয়ে ১০টি ম্যাচ খেলেছেন। তবে কিছু মহলের ধারণা, পাকিস্তানি পরিচয়ের জন্য নাকি ফেরত পাঠানো হচ্ছে জোয়েবকে। কিন্তু সত্যি এটাই, এর সঙ্গে ভারত-পাক সম্পর্কের কোনও যোগ নেই। দলের অধিনায়ক মহম্মদ ওয়াসিম নিজেও পাকিস্তানি বংশোদ্ভূত। আমিরশাহি দলের বোলিং কোচ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফত। ফলে তাঁদের যখন ফেরত পাঠানো হচ্ছে না, তখন পাক যোগের কারণে জোয়েবকে দেশের পাঠানো অযৌক্তিক।
বিশ্বকাপে ডি গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরশাহি। এই গ্রুপে নিউজিল্যান্ড ছাড়াও রয়েছে আফগানিস্তান, কানাডা ও দক্ষিণ আফ্রিকা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

