Khabor Ekhon
থানার ব্যারাকেই রহস্যমৃত্যু,চাঞ্চল্য বাঁশদ্রোণীতে
শ্রীতমা ব্যানার্জী :সাতসকালে কলকাতার বাঁশদ্রোণী থানার পুলিশ ব্যারাকে এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে ব্যারাকের দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মৃতের নাম সঞ্জয় হালদার (৪০)। তিনি কলকাতা পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন সঞ্জয়। ব্যারাকের দোতলার একটি ঘরে একাই থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে অন্য সহকর্মীরা নিজেদের কাজে নেমে এলেও সঞ্জয়কে দেখতে না পেয়ে তাঁদের সন্দেহ হয়। এরপর কয়েকজন সহকর্মী তাঁর ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি।শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। সকাল আটটা নাগাদ দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ব্যারাকে উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় তদন্তকারীরা।এই ঘটনায় তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে সঞ্জয়ের মোবাইল ফোন। জানা গিয়েছে, ফোনটি লক করা অবস্থায় রয়েছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও কোনও যোগাযোগ হয়েছিল কি না, কিংবা কোনও ব্যক্তিগত বা কর্মসংক্রান্ত সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।কাজের চাপ, পারিবারিক সমস্যা নাকি অন্য কোনও কারণ, ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতি, তা নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফল সামনে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।এক পুলিশকর্মীর থানার ব্যারাকের মধ্যেই এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আপাতত তদন্তের দিকেই নজর রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

