Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জীবিত মানুষকে মৃত বানাল নথির ভুল,আড়াই বছরেও মেলেনি সুরাহা

0 10,019

মৌ দাস-(হুগলি)-বাড়িতে রয়েছেন, সংসার করছেন, স্বামী ও পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছেন। অথচ সরকারি নথিতে তাঁর পরিচয় ‘মৃত’। এমনই এক অবিশ্বাস্য প্রশাসনিক জটিলতার শিকার হুগলির গোঘাটের বাসিন্দা বিনিতা পাল। প্রায় আড়াই বছর ধরে সরকারি খাতায় মৃত হিসেবে চিহ্নিত হয়ে রয়েছেন তিনি। আর তার জেরে একের পর এক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাঁর পরিবার।ঘটনার সূত্রপাত ২০২৪ সালে।বিনিতার বড় মেয়ে অসুস্থ হয়ে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ,মেয়ের মৃত্যুর তথ্য অনলাইনে নথিভুক্ত করার সময় নার্সিংহোমের কর্মীরা ভুলবশত মৃত মেয়ের আধার নম্বরের পরিবর্তে মা বিনিতা পালের আধার নম্বর দিয়ে দেন। আর সেই একটি ভুল এন্ট্রির জেরেই সরকারি নথিতে জীবিত বিনিতাকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়।পরিবারের দাবি, বিষয়টি জানার পর নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিজেদের ভুল স্বীকার করে এবং মৃত্যুর শংসাপত্র সংশোধন করে দেয়। কিন্তু আধার সংক্রান্ত কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে সেই সংশোধন কার্যকর হয়নি। ফলে কাগজে-কলমে আজও মৃত হিসেবেই রয়ে গিয়েছেন বিনিতা।এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে। পরিবারের অভিযোগ,আধার সংক্রান্ত এই জটিলতার কারণে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বিনিতা।এমনকী,পরিবারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্যকার্ডও বাতিল হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের।ফলে চিকিৎসার মতো জরুরি ক্ষেত্রেও অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি।সমস্যার সমাধানের আশায় একাধিক সরকারি দফতরের দরজায় কড়া নেড়েছেন বিনিতা ও তাঁর পরিবারের সদস্যরা।স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিস,মহকুমাশাসকের দফতর, পোস্ট অফিস,এমনকী কলকাতার আধার দফতরেও গিয়েছেন তাঁরা। কিন্তু প্রায় আড়াই বছর কেটে গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।বিনিতা ও তাঁর মেয়ে বুল্টি জানিয়েছেন,প্রশাসনিক অবহেলার কারণে তাঁদের বারবার এক দফতর থেকে অন্য দফতরে ছুটতে হচ্ছে।তাঁদের কথায়, দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে তাঁরা ক্লান্ত। দ্রুত এই ভুল সংশোধনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।অন্যদিকে, সংবাদমাধ্যমের কাছ থেকে বিষয়টি জানার পর গোঘাটের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রশান্ত দিগর দ্রুত হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন। তাঁর বক্তব্য, এই ভুল অবিলম্বে সংশোধন করা প্রয়োজন।বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন।একটি ভুল তথ্য নথিভুক্ত হওয়ার পর তা সংশোধন করতে একজন জীবিত মানুষকে কেন বছরের পর বছর প্রশাসনের দরজায় ঘুরতে হবে, সেই প্রশ্নই সামনে আনছে বিনিতা পালের ঘটনা।ডিজিটাল পরিষেবা ও আধার নির্ভর সরকারি ব্যবস্থার যুগে তথ্যের একটি ভুল কীভাবে সাধারণ মানুষের জীবন ও সামাজিক সুরক্ষাকে বিপর্যস্ত করতে পারে,হুগলির এই ঘটনা তারই মর্মান্তিক উদাহরণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper