Khabor Ekhon
মধ্যরাতে বিধায়কের বাড়িতে সিআইডি হানা, কোথায় শামিম আহমেদ?
শ্রীতমা ব্যানার্জী : ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদকে ঘিরে নতুন করে চাঞ্চল্য। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে যৌথ অভিযান চালায় সিআইডি ও পুলিশ। ডায়মন্ড হারবারের হিঞ্চেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়িতে পৌঁছে দীর্ঘক্ষণ গেটে ধাক্কাধাক্কি করেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের ডাকাডাকিও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিধায়কের দেখা মেলেনি।কেন হঠাৎ মধ্যরাতে বিধায়কের বাড়িতে তদন্তকারীদের এই অভিযান? এর পিছনে রয়েছে ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা। ওই কার্যালয় থেকে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছে শামিম আহমেদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন তিনি। পাশাপাশি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আইনি সুরক্ষাও চেয়েছেন। অন্যদিকে, বিধায়কের বাড়িতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানের পিছনে ঠিক কোন নির্দিষ্ট মামলা রয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে নগদ টাকা উদ্ধারের ঘটনা এবং জমি সংক্রান্ত অভিযোগকে ঘিরে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তদন্তের কেন্দ্রে বিপুল নগদ টাকা, আর মধ্যরাতে বিধায়কের বাড়িতে পুলিশের উপস্থিতি, শামিম আহমেদকে ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

