Khabor Ekhon
সনাতনের বিজয়যাত্রা শুরু, জগদ্ধাত্রী পুজোর মঞ্চে শুভেন্দুর বার্তা
শ্রীতমা ব্যানার্জী :সনাতন ধর্মের জয়যাত্রা শুরু হয়েছে। এবার আর পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চর্চা শুরু হয়েছে। মেদিনীপুর শহরে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে উপস্থিত ভক্ত ও পুজো উদ্যোক্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মের কোনও শুরু নেই, শেষও নেই। সেই সনাতন ধর্মই আজ বিজয়যাত্রা প্রত্যক্ষ করছে। বক্তব্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, সেই সময় মেদিনীপুরে একটি পবিত্র ধর্মীয় পতাকা পোড়ানো হয়েছিল। তাঁর কথায়, শুধু রাজনৈতিক পতাকা নয়, সেদিন সাহস ও আত্মসম্মানের প্রতীককেও আঘাত করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে তিনি নিজে সেখানে গিয়ে শঙ্খ ও মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেন। এদিনের অনুষ্ঠানে পুজো উদ্যোক্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আইনজীবী শুভজিৎ রায় ওরফে বন্টির ভূমিকার প্রশংসা করেন তিনি। ২০২১ সালের কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের কথা তিনি কখনও ভুলবেন না বলেও জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও বলেন শুভেন্দু। একইসঙ্গে পশ্চিমবঙ্গকেও উন্নত রাজ্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। জিহাদি, উগ্রপন্থী, মাওবাদী এবং দেশবিরোধী শক্তিকে পরাস্ত করার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রয়াত মহারাজ ভজনানন্দের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আদিবাসী ও শিখ সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী সম্ভাষণে শুভেচ্ছা জানান তিনি।জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকে শুভেন্দুর এই বার্তা যে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করল, তা বলাই যায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

