Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শুভেন্দুর নাম ভাঙিয়ে ৬ কোটি, গ্রেফতার বিজেপি নেতা

0 4,477

শ্রীতমা ব্যানার্জী: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে মেধাকেই একমাত্র মাপকাঠি হিসেবে তুলে ধরেছে বিজেপি সরকার। আর সেই সরকারেরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল দলের এক নেতার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে দলের টিকিট নিশ্চিত করার প্রতিশ্রুতি, এমন নানা প্রলোভন দেখিয়ে প্রায় ৬ কোটি টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা।ধৃতের নাম অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। নন্দকুমার থানার অন্তর্গত চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিতের বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। অভিযোগ, তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরিচয় করানোর পর কলকাতার একটি হোটেলে ওই টাকা নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফেরত পাননি টাকাও। একইভাবে খঞ্চি এলাকার আরও এক বিজেপি নেতার কাছ থেকে বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি সরকারি চাকরি এবং ঠিকাদারি কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। গত ১১ নভেম্বর নন্দকুমার থানায় অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে পেশ করা হলে তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযোগের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই আর্থিক লেনদেনের পিছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কারা কারা এই প্রতারণার শিকার হয়েছেন, কোথায় কোথায় টাকা লেনদেন হয়েছে, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ করণ। আদালত থেকে বেরোনোর সময় তাঁর দাবি, কোনও কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে সত্যিই কত টাকার লেনদেন হয়েছিল এবং এই অভিযোগের পিছনে আরও কোনও বড় চক্র কাজ করছে কি না।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper