Khabor Ekhon
বেতন কমিশনে ফের সময়বৃদ্ধি, ৩০ নভেম্বর পর্যন্ত বড় সুযোগ
শ্রীতমা ব্যানার্জী:পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সপ্তম বেতন কমিশনে বেতন, ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিজেদের মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা।শুক্রবার কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত ছিল ২ সেপ্টেম্বর। পরবর্তীতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের কমিশনের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে সময় বাড়ানোর প্রয়োজন হয়েছে।গত ৫ নভেম্বর রাজ্যের অর্থ দফতর দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে। তার মাধ্যমে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অশিক্ষক কর্মীদের পাশাপাশি তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয় কমিশনকে। পাশাপাশি ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থাকেও কমিশনের আওতায় আনা হয়েছে।অন্যদিকে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদকে কমিশনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।নতুন করে অন্তর্ভুক্ত হওয়া সংস্থাগুলির কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন যাতে নিজেদের বক্তব্য ও প্রস্তাব জানাতে পারে, সেই কারণেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।তবে আবেদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়া আবেদনই বিবেচনা করা হবে। কোনও হার্ড কপি, পিডিএফ অথবা ইমেলের মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণ করা হবে না।আবেদন জমা দেওয়ার জন্য কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট: https://7spc.wb.gov.in সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে নতুন করে সুযোগ পেলেন বহু সরকারি কর্মী ও কর্মচারী সংগঠন। তবে বারবার সময়সীমা বৃদ্ধির ঘটনায় কর্মচারীমহলের একাংশের মধ্যে অসন্তোষও রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে চূড়ান্ত হবে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

