Khabor Ekhon
৪৮ ঘণ্টায় বদলাবে আবহাওয়া, ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলায়
শ্রীতমা ব্যানার্জী :নভেম্বরের মাঝামাঝি এসেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না কলকাতা ও দক্ষিণবঙ্গের। শীতের আমেজ ভালোভাবে জমে ওঠার আগেই ফের দুর্যোগের আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগামী ১৯ ও ২০ নভেম্বর সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে নজর রাখছে আবহাওয়া দফতর।বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি শুক্রবার আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সেটি গভীর নিম্নচাপে এবং রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ নভেম্বর কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেখানে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ২০ নভেম্বরও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে পরপর দুটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে দেশের পূর্ব উপকূলে। ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। তার মাত্র ছয় দিনের মাথায় ৩ নভেম্বর একই উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মুরুসু। পরপর এই দুই দুর্যোগের পর বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে।তবে কলকাতায় সরাসরি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথাই জানানো হয়েছে। ফলে আগামী কয়েক দিনে আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রাখা জরুরি।শীতের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি, আপাতত ছাতা নিয়েই পথে নামার প্রস্তুতি রাখতে হতে পারে কলকাতাবাসীকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

