Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর ঘিরে আইনি লড়াই, খুলবে কি তালা? নজর ২৩ নভেম্বরের শুনানিতে

0 44,349

শ্রীতমা ব্যানার্জী: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর ঘিরে আইনি জটিলতা আরও দীর্ঘায়িত হল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই দফতর পুনরায় চালুর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল শিবির। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও তাতে সাড়া মিলল না। বরং মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।মঙ্গলবার বিচারপতি রিশাদ মেডোরার অবকাশকালীন বেঞ্চে মামলাটি ওঠে। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে ক্যামাক স্ট্রিটের দফতর বন্ধ রয়েছে। অথচ অফিসের ভিতরে আলো ও পাখা চালু রয়েছে বলে অভিযোগ। এর ফলে একদিকে যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হচ্ছে, অন্যদিকে তেমনই সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্রুত বিষয়টির নিষ্পত্তি এবং দফতরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়।শুধু অফিস বন্ধ থাকার বিষয়টিই নয়, তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলা হয় আদালতে। আইনজীবীর বক্তব্য, ঘটনার পর ফরেনসিক পরীক্ষার কথা বলা হলেও এখনও পর্যন্ত সেই পরীক্ষা সম্পন্ন হয়নি। ফলে এতদিন পরেও দফতরের ভিতরে কী পরিস্থিতি রয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আদালতের কাছে এই বিষয়ে প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার আবেদন জানানো হয়।তবে অবকাশকালীন বেঞ্চ মনে করেছে, মামলাটি জরুরি ভিত্তিতে শোনার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে তৎক্ষণাৎ অফিস খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন গ্রহণ করা হয়নি। রাজ্যকে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ সংগ্রহ করতে বলা হয়েছে। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

বিলবোর্ড ঘিরে সংঘাত থেকেই বিতর্কের সূত্রপাত

ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর বাড়ির সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত গত ২৭ অগস্ট। ওই ভবনের সামনে থাকা একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে কলকাতা পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি আইনি লড়াইও শুরু হয়। কলকাতা হাইকোর্টে গিয়ে প্রত্যাশিত সুরাহা না মেলায় তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়।

অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন, বাড়ির মালিকের সঙ্গেও বিরোধ

এর মধ্যেই ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে দমকল বিভাগ। সপ্তম ও অষ্টম তলায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে সংশ্লিষ্ট জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। ভবনের মালিকপক্ষও অভিষেকের দফতর খালি করার নোটিস দেয়।১১ সেপ্টেম্বর বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ দমকল বিভাগের ওই নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। পরবর্তী সময়ে ১৬ সেপ্টেম্বর আদালত দমকল বিভাগকে তৃণমূলের জমা দেওয়া বক্তব্য পুনর্বিবেচনা এবং প্রয়োজনে নতুন করে পরিদর্শনের নির্দেশ দেয়। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার কথাও আদালতের নির্দেশে উঠে আসে।অন্যদিকে, ভবনের মালিকপক্ষের আইনজীবী রামাদেবী গোয়েঙ্কার হয়ে আদালতে দাবি করেন, ২০২০ সালের ১ মার্চ তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে ১০ বছরের একটি লিজ চুক্তি হয়েছিল। দলের পক্ষে দেবরাজ চক্রবর্তী ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন বলে দাবি করা হয়। মালিকপক্ষের বক্তব্য, ভবনের কমপ্লিশন সার্টিফিকেট বা নির্মাণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র পাওয়ার পরেই জায়গাটি হস্তান্তরের শর্ত ছিল। সেই শর্ত পূরণের আগেই দফতর দখলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ মালিকপক্ষের।যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, ক্যামাক স্ট্রিটের দফতর খালি করার উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের তরফে এই অভিযোগের বিরোধিতা করা হয়েছে।

এখন নজর ২৩ নভেম্বরের দিকে

সব মিলিয়ে ক্যামাক স্ট্রিটের দফতরকে কেন্দ্র করে এখন একাধিক প্রশ্ন সামনে। একদিকে অগ্নিনিরাপত্তা, অন্যদিকে লিজ চুক্তি, ভবনের মালিকানা সংক্রান্ত দাবি এবং দফতর বন্ধ থাকার কারণ, সবকিছু মিলিয়ে জটিল হয়েছে পরিস্থিতি।তবে মঙ্গলবারের শুনানিতে আদালত দফতর খোলার অনুমতি দেয়নি। ফলে অভিষেকের দফতর কবে আবার স্বাভাবিকভাবে চালু হবে, তার উত্তর আপাতত অধরা। আগামী ২৩ নভেম্বর নিয়মিত বেঞ্চে শুনানির পর এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই রাজনৈতিক মহলের নজর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper